মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে হামলার জন্য ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া। সংশ্লিষ্ট তিনজন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজ ও সামরিক বিমানের অবস্থান সংক্রান্ত তথ্য তেহরানের কাছে পৌঁছে দিচ্ছে মস্কো।
তবে রাশিয়া ঠিক কতটা মাত্রায় ইরানকে সহায়তা করছে, তা এখনো পুরোপুরি স্পষ্ট নয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তেহরানের বিরুদ্ধে হামলা শুরুর পর ইরানের সামরিক বাহিনীর পক্ষে মার্কিন লক্ষ্যবস্তু শনাক্ত করার সক্ষমতা কিছুটা কমে গেছে বলেও সেখানে বলা হয়।
এদিকে রাশিয়া ইরানকে সমর্থন দিচ্ছে এমন অভিযোগের বিষয়ে হোয়াইট হাউসের এক মুখপাত্র সরাসরি কোনো মন্তব্য করেননি।
অন্যদিকে ওয়াশিংটনে অবস্থিত রাশিয়ার দূতাবাস এবং নিউইয়র্কে জাতিসংঘে রুশ মিশনও এ বিষয়ে ওয়াশিংটন পোস্টের অনুরোধের জবাবে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
বিটি/ আরকে
Tags: ইরান, গোয়েন্দা তথ্য, মার্কিন, রাশিয়া