মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব দ্রুত শেষ হবে। তবে ট্রাম্পের এই মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরান জানিয়েছে, যুদ্ধ কখন শেষ হবে তা তারা নিজেই নির্ধারণ করবে।
ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বলেছে, অঞ্চলটির ভবিষ্যত এবং পরিস্থিতি এখন তাদের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে আছে। ট্রাম্পের “সংঘাত দ্রুতই শেষ হবে” মন্তব্যের পর আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, “আমরাই যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করব। আমেরিকান বাহিনী যুদ্ধ শেষ করবে না।”
ট্রাম্প আরও বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ স্বল্পস্থায়ী হতে পারে, তবে যদি নতুন ইরানি নেতা বিশ্বব্যাপী তেলের সরবরাহে ব্যাঘাত ঘটান, তবে সংঘাত আরও তীব্র হতে পারে।
মার্কিন কমান্ডার-ইন-চিফ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সতর্ক করেছেন, “যদি ইরান হরমুজ প্রণালীতে তেলের প্রবাহ বন্ধ করে দেয়, তাহলে তারা এখন পর্যন্ত যে ক্ষতি পেয়েছে তার বিশ গুণ বেশি ক্ষতি হবে।”
ইরানের সঙ্গে যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেল ও গ্যাসের সরবরাহ ব্যাহত হয়েছে এবং আমেরিকার জ্বালানির দাম বেড়েছে।
এদিকে, সোমবার ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথেও যুদ্ধ এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছেন। পুতিনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ জানিয়েছেন, উপসাগরীয় নেতারা এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে আলোচনার পর পুতিন সংঘাতের দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের বিষয়ে কিছু দিকনির্দেশনা দিয়েছেন।
বিটি/ আরকে
Tags: ইরান, ট্রাম্প, তেহরান, যুদ্ধ