উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর চাপে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশ কলকাতা নাইট রাইডার্সকে দেওয়া হয়েছে—এমন অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল।
সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, ভারতের ক্রিকেট বোর্ডের এ ধরনের সিদ্ধান্ত বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটারদের প্রতি অবমাননাকর। ক্রীড়া উপদেষ্টা হিসেবে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নির্দেশ দিয়েছেন, যেন পুরো বিষয়টি লিখিতভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে ব্যাখ্যা করা হয়।
ড. আসিফ নজরুল বলেন, যেখানে একজন চুক্তিবদ্ধ বাংলাদেশি ক্রিকেটার ভারতে খেলতে নিরাপদ নন, সেখানে বাংলাদেশের পুরো ক্রিকেট দল বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়া নিরাপদ কিনা—সে প্রশ্ন নতুন করে দেখা দিয়েছে। এ প্রেক্ষাপটে বিসিবিকে নির্দেশ দেওয়া হয়েছে, বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানাতে।
তিনি আরও জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে বাংলাদেশে আইপিএল ম্যাচের সম্প্রচার বন্ধ করার বিষয়েও অনুরোধ করা হয়েছে।
স্ট্যাটাসে ক্রীড়া উপদেষ্টা স্পষ্ট করে বলেন, “আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নেব না। গোলামির দিন শেষ।”
ড. আসিফ নজরুলের এই বক্তব্য ঘিরে দেশের ক্রীড়াঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
Tags: আইপিএল, কেকেআর, মোস্তাফিজুর রহমান