বাংলাদেশ থেকে কাঁচা আমের পর এবার কাঁঠাল ও পেয়ারা আমদানির উদ্যোগ নিচ্ছে চীন। চলতি বছরের শুরুতে কাঁচা আম আমদানির সাফল্যের পর নতুন করে এ দুটি ফলের রপ্তানি নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে দেশটি।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজধানীর বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত বাংলাদেশ-চীন গ্রিন টেক্সটাইল এক্সপো ২০২৫–এর উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
রাষ্ট্রদূত বলেন, চীনের বাজারে বাংলাদেশি উন্নতমানের কৃষিপণ্য ক্রমেই প্রবেশ করছে। মে মাসে কাঁচা আম রপ্তানির পর এবার আমরা কাঁঠাল ও পেয়ারা আমদানির অনুমোদন পেতে কাজ করছি।
তিনি আরও বলেন, চীন টানা ১৫ বছর ধরে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। বর্তমানে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ২৪ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে।
ইয়াও ওয়েন জানান, গত বছরের আগস্ট থেকে এখন পর্যন্ত ২০টিরও বেশি চীনা কোম্পানি বাংলাদেশে প্রায় ৮০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছে।
রাষ্ট্রদূত আরও বলেন, চীন ২০২৮ সাল পর্যন্ত বাংলাদেশের করযোগ্য প্রায় সব পণ্যে শূন্য-শুল্ক সুবিধা দিয়েছে, যা দুই দেশের টেকসই উন্নয়ন ও পারস্পরিক সমৃদ্ধির প্রতিশ্রুতির প্রতিফলন।
তিনি বলেন, বস্ত্র খাতে সবুজ রূপান্তরকে এগিয়ে নিতে চীন জ্বালানি-সাশ্রয়ী প্রযুক্তি ও পরিবেশবান্ধব উপকরণ ব্যবহারে বাংলাদেশের পাশে থাকবে। পাশাপাশি টেক্সটাইল যন্ত্রপাতি, ডিজিটাল প্রিন্টিং ও স্মার্ট উৎপাদন খাতে সহযোগিতা জোরদার করা হবে।
রাষ্ট্রদূত ২০২৫ সালকে চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০তম বছর হিসেবে “গুরুত্বপূর্ণ মাইলফলক” বলে উল্লেখ করেন। তিনি জানান, দুই দেশের বন্ধুত্ব সবসময়ই পারস্পরিক লাভজনক সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠেছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান, বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস. এম. জাহিদ হাসান, বিসিসিআই সভাপতি মো. খোরশেদ আলম, সিইএবি সভাপতি হান কুন প্রমুখ।
তিন দিনব্যাপী এই প্রদর্শনীটি আয়োজন করেছে স্যাভর ইন্টারন্যাশনাল লিমিটেড, যৌথ আয়োজক বাংলাদেশে চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন (সিইএবি)। কৌশলগত অংশীদার হিসেবে রয়েছে বিজিএমইএ ও সাংহাই ক্লাইমেট উইক।
Tags: bangladesh china relations, bangladesh export news, bangladesh fruit export, china bangladesh trade, china import bangladesh products, chinese ambassador yao wen, green textile expo 2025, guava export china, jackfruit export china, ইয়াও ওয়েন, কাঁঠাল রপ্তানি, চীন, চীন বাংলাদেশ বাণিজ্য, চীনের রাষ্ট্রদূত, পেয়ারা রপ্তানি, বাংলাদেশ, বাংলাদেশ চীন সম্পর্ক, বাংলাদেশি ফল চীন