নারী এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠেছে বাংলাদেশ ‘এ’ নারী দল। ফাহিমা খাতুনের অলরাউন্ড নৈপুণ্যে আজ পাকিস্তানকে ৫৪ রানের বিশাল ব্যবধানে হারায় টাইগ্রেসরা।
টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি বাংলাদেশের। ৩৯ রানেই বিদায় নেন দুই ওপেনার শামীমা সুলতানা (১৩) ও ইশমা তানজিম (১২)। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে একপর্যায়ে ৮১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে দল। তবে অধিনায়ক ফাহিমা খাতুনের অপরাজিত ৪০ রানের (৩২ বল, ৫টি চার) ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১১০ রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ। পাকিস্তানের হাফসা খালিদ ও ওমাইমা সোহেল ২টি করে উইকেট নেন।
১১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে পাকিস্তান। বিশেষ করে সানজিদা আক্তার মেঘলার স্পিন জাদুতে দিশেহারা হয়ে পড়ে তারা। মাত্র ৯ রানেই ২ উইকেট হারিয়ে বসা পাকিস্তান আর ঘুরে দাঁড়াতে পারেনি। ফাহিমা খাতুন ও ফাতেমা জাহানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে একের পর এক উইকেট হারাতে থাকে তারা। শেষ পর্যন্ত ১৬.৪ ওভারে মাত্র ৫৬ রানে অলআউট হয় পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ১৪ রান করেন শাওয়াল জুলফিকার।
ব্যাটিংয়ে ৪০ রান করার পর বল হাতেও ২ উইকেট শিকার করেন অধিনায়ক ফাহিমা খাতুন। তবে সবচেয়ে সফল বোলার সানজিদা আক্তার মেঘলা। ৩.৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে তিনি শিকার করেন ৩টি উইকেট। এছাড়া ফারিহা তৃষ্ণা, ফাতেমা জাহান ও ফারজানা ইয়াসমিন ১টি করে উইকেট নেন।
বিটি/ আরকে
Tags: নারী এশিয়া কাপ রাইজিং স্টারস, ফাইনাল, বাংলাদেশ