সম্মিলিত শ্রমিক ফেডারেশন দেশের শ্রমিকদের জন্য ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছে। বৃহস্পতিবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি তুলে ধরা হয়।
নেতারা বলেন, শ্রমিকদের শোষণ ও বৈষম্যের অবসান ঘটিয়ে স্থায়ী মজুরি কমিশন গঠন করতে হবে। পাশাপাশি ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ, অবাধ ট্রেড ইউনিয়নের অধিকার, সামাজিক সুরক্ষা এবং শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবি জানান তারা।
নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ও অন্যান্য ছুটিতে বৈষম্য দূর করার আহ্বান জানানো হয়। বক্তারা অভিযোগ করেন, গার্মেন্টস শ্রমিকদের প্রতি অবিচার করা হচ্ছে এবং আউটসোর্সিং ও দৈনিক মজুরি প্রথায় তাদের সুরক্ষা ক্ষুণ্ন হচ্ছে।
মানববন্ধনে ফেডারেশনের সাধারণ সম্পাদক নাহিদুল হাসান নয়ন, সভাপতি আঁখি, অ্যাপ বেইজড ট্রান্সপোর্ট ইউনিয়নের সভাপতি বেলালসহ অনেকে উপস্থিত ছিলেন।
বিটি/ আরকে