বিশ্বব্যাপী মূল্যস্ফীতি, ভূরাজনৈতিক উত্তেজনা ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটায় বড় ধরনের প্রভাব পড়েছে। পোশাক, প্রসাধনী ও বিলাসদ্রব্য কেনার হার সাধারণ ক্রেতাদের মধ্যে হ্রাস পেলেও বিলাসপণ্যের বাজারে এর খুব একটা প্রভাব পড়েনি। উল্টো ঘড়ি, গয়না, ডিজাইনার পোশাক ও হ্যান্ডব্যাগসহ বিলাসবহুল ভ্রমণ ও অভিজ্ঞতার পেছনে অতিধনী ক্রেতাদের দেদার খরচ অব্যাহত থাকায় এই খাত এখনো বেশ চাঙা রয়েছে। কিন্তু এ রকম পরিস্থিতিতেও বৈশ্বিক বিলাসপণ্যের বাজারে তেমন একটা প্রভাব পড়ছে না। সব মিলিয়ে বিলাসপণ্যের বাজারে বৈপরীত্য তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্রের বিখ্যাত বাজার গবেষণাপ্রতিষ্ঠান বেইন অ্যান্ড কোম্পানির ১৮ নভেম্বর প্রকাশিত সর্বশেষ সমীক্ষা অনুযায়ী, চলতি ২০২৬ সাল শেষে বিশ্বজুড়ে বিলাসপণ্যের বাজারের আকার ১ লাখ ৫০ হাজার কোটি ইউরো ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্রের বাজারেও অবশ্য ঝুঁকি আছে।
ভূরাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার মুখেও এই বাজারের স্থিতিশীলতার প্রধান কারণ হলো শীর্ষ ধনীদের ব্যয়ের প্রবণতা। বেইনের হিসাবমতে, ২০২৬ সালে বিশ্বের বিলাসপণ্যের বাজারে মোট ব্যয়ের অর্ধেকের বেশি, অর্থাৎ প্রায় ৭৮ হাজার কোটি ইউরো আসবে শীর্ষ ক্রেতাদের পকেট থেকে। ব্যক্তিগত বিলাসপণ্যের ক্ষেত্রেও তাঁদের ব্যয়ের হিস্যা প্রায় ৪৮ শতাংশ। এর ওপর হালের নতুন সংযোজন, অর্থাৎ ব্যক্তিগত অভিজ্ঞতা লাভের জন্য তাঁদের মধ্যে দুই হাতে খরচ করার নতুন প্রবণতা জোরালো হচ্ছে।
বাজারে ক্রেতার সংখ্যা ক্রমান্বয়ে কমছে। ২০২৫ সালে এ ধরনের পণ্যের ক্রেতা ছিলেন প্রায় ৩৩ কোটি, যা ২০২৬ সালে ৩১ কোটি ৫০ লাখে নেমে আসতে পারে। অর্থাৎ ক্রেতা কমলেও যারা বাজারে টিকে আছেন, তাদের বড় একটি অংশ প্রচুর অর্থ ব্যয় করছেন। বেইন–আলতাগামার ২০২৫ সালের গবেষণায় দেখা যায়, মোট বাজারের ৩৭ শতাংশের বেশি ব্যয় করেন মাত্র শূন্য দশমিক ১ শতাংশ ক্রেতা। বছরে ৫০ হাজার ইউরোর বেশি ব্যয় করা এসব শীর্ষ ধনী বছরে গড়ে প্রায় ৩ লাখ ৬০ হাজার ইউরো খরচ করেন। বিলাসদ্রব্য ছাড়াও বিলাসবহুল গাড়ি ও স্বাস্থ্যসেবা যুক্ত করলে এই ব্যয়ের পরিমাণ ৫ লাখ ইউরো পর্যন্ত পৌঁছায়। বছরে ৫০ হাজার ইউরোর বেশি বিলাসপণ্য ও সেবায় ব্যয় করেন—এমন ক্রেতাদের এই শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিপরীতে, বছরে পাঁচ হাজার ইউরোর কম ব্যয় করা উচ্চাকাঙ্ক্ষী ক্রেতাদের মধ্যে কেনাকাটা কমানোর প্রবণতা স্পষ্ট। গত ১৮ মাসে এই শ্রেণির প্রায় ৩৫ শতাংশ ক্রেতা কেনাকাটা কমিয়ে দিয়েছেন বা বন্ধ রেখেছেন। দাম বৃদ্ধি এবং উপযোগিতার অভাবকে এর বড় কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। চীন, ইউরোপ ও যুক্তরাষ্ট্র—সব অঞ্চলেই এই শ্রেণির ক্রেতাদের মধ্যে বাজার থেকে সরে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের বাজারের দিকে নজর দিলে দেখা যায়, এলভিএমএইচ, গুচি ও মঙ্কলারের মতো ব্র্যান্ডগুলো দেশটির নতুন ধনী ক্রেতাদের আকর্ষণে বিশেষ কৌশল নিয়েছে। চীনের বাজারে মন্দা থাকায় পশ্চিমা ব্র্যান্ডগুলো মার্কিন বাজারের ওপর নির্ভরশীলতা বাড়িয়েছে। তবে রয়টার্সের তথ্য অনুযায়ী, সিটির ক্রেডিট কার্ড ব্যবহারের হার সেপ্টেম্বরে আগের বছরের একই সময়ের তুলনায় ৬ শতাংশ কমেছে, যা সাধারণ ক্রেতাদের সতর্কতার ইঙ্গিত দেয়। রয়টার্সের গত ২ জুনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় বিলাসপণ্যের কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রের নতুন ধনী ক্রেতাদের আকৃষ্ট করতে বিশেষ উদ্যোগ নিয়েছে।
চীনের মূল ভূখণ্ডের বাজার সম্পর্কে বেইনের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে ব্যক্তিগত বিলাসপণ্যের বাজার ১ থেকে ৩ শতাংশ সংকুচিত হতে পারে। স্থানীয় ব্র্যান্ডের প্রতি চীনা তরুণ ও ক্রেতাদের আগ্রহ দ্রুত বাড়ছে, যা ২০১৯ সালের তুলনায় ছয় গুণ বেশি। সাংস্কৃতিক পরিচয় ও উন্নত বিপণনের কারণে তারা এখন আন্তর্জাতিক ব্র্যান্ডের চেয়ে স্থানীয় পণ্যে বেশি গুরুত্ব দিচ্ছে। এদিকে চীনের ক্রেতারা স্থানীয় ব্র্যান্ডের বিষয়ে আগ্রহী হচ্ছেন।
বর্তমানে বিলাসপণ্যের বাজারে একটি বড় পরিবর্তন দৃশ্যমান—পোশাক বা অলংকারের পরিবর্তে ধনীরা এখন ভ্রমণ, আতিথেয়তা ও ব্যক্তিগত অভিজ্ঞতার পেছনে বেশি অর্থ ঢালছেন। বেইনের ২০২৬ সালের সমীক্ষায় ভ্রমণ ও আতিথেয়তাকে প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া পুরোনো বিলাসপণ্যের বা প্রি-ওনড লাক্সারি বাজারও বেশ দ্রুতগতিতে বাড়ছে। ২০১৯ থেকে ২০২৫ সালের মধ্যে এই খাতের বার্ষিক গড় প্রবৃদ্ধি ছিল ৭ থেকে ৮ শতাংশ, যা নতুন পণ্যের বাজারের তুলনায় তিন থেকে চার গুণ বেশি। ফলে ব্র্যান্ডগুলোর ব্যবসায়িক কৌশলে পরিবর্তন আসছে।
ব্র্যান্ডগুলো এখন আর নতুন বা মধ্যবিত্ত ক্রেতা বাড়ানোর চেয়ে অতিধনী ক্রেতাদের ধরে রাখার দিকেই বেশি গুরুত্ব দিচ্ছে। সামগ্রিকভাবে ২০২৬ সালে ব্যক্তিগত বিলাসপণ্যের বাজারে ১ থেকে ৩ শতাংশ প্রবৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকলেও ২০২৭ সালে তা শূন্য থেকে ৪ শতাংশের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে। বর্তমানে বাজারের ভবিষ্যৎ ক্রেতার সংখ্যার চেয়ে শীর্ষ ধনীদের সম্পদ ও ব্যয়ের প্রবণতাই বিলাসপণ্যের বাজারের মূল নিয়ামক হয়ে দাঁড়িয়েছে।
Tags: অতিধনী ক্রেতা, বাজার বিশ্লেষণ, বিলাসপণ্যের বাজার, বিশ্ব অর্থনীতি, বেইন অ্যান্ড কোম্পানি