বাংলাদেশ ফুটবলের অন্যতম বড় তারকা হামজা দেওয়ান চৌধুরীর জন্মদিন আজ। বিশেষ এই দিনে দেশের জার্সিতে মাঠে নামছেন তিনি। ফিফা এশিয়ান কাপের শেষ ম্যাচে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ফলে জন্মদিনে দলকে জয় উপহার দেওয়ার পাশাপাশি সমর্থকদের জন্যও স্মরণীয় মুহূর্ত উপহার হিসেবে রয়েছে হামজার বড় চ্যালেঞ্জ।
হামজার জন্মদিন উপলক্ষে আজ সকালে দলের হোটেলেই আয়োজন করা হয় ছোট্ট উদযাপনের। সকালের নাশতার পর কেক কেটে প্রিয় সতীর্থের জন্মদিন পালন করেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, দলনেতা ইকবাল হোসেন, ম্যানেজার আমিরুল ইসলাম বাবুসহ কোচিং স্টাফ ও খেলোয়াড়েরা। সতীর্থদের শুভেচ্ছা ও ভালোবাসায় বিশেষ দিনটির সকালটা রাঙিয়ে ওঠে বাংলাদেশের এই তারকার।
জন্মদিনের আনন্দের সঙ্গে এবার যুক্ত হয়েছে মাঠের লড়াই। ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচে জয় পেলে দিনটি আরও স্মরণীয় হয়ে থাকবে হামজা ও বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছে। এখন সবার চোখ মাঠে—জন্মদিনে নিজের পারফরম্যান্স দিয়ে দলকে কতটা এগিয়ে নিতে পারেন হামজা, সেটিই দেখার অপেক্ষা।