বাংলাদেশে সবচেয়ে দরিদ্র ১০ শতাংশ পরিবারের আয়ের প্রায় পাঁচ ভাগের এক ভাগ বা ২০ শতাংশই চলে যায় মূল্যসংযোজন কর বা ভ্যাট পরিশোধে। এর বিপরীতে দেশের সবচেয়ে ধনী ১০ শতাংশ পরিবার তাদের আয়ের মাত্র ২ দশমিক ৮ শতাংশ ভ্যাট হিসেবে দেয়। রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র্যাপিড) পরিচালিত এক গবেষণায় কর কাঠামোর এই বিষম চিত্র উঠে এসেছে। শনিবার (২১ নভেম্বর) ঢাকায় আয়োজিত একটি অনুষ্ঠানে গবেষণার এই তথ্য তুলে ধরেন র্যাপিডের চেয়ারম্যান এম এ রাজ্জাক। শনিবার (২১ নভেম্বর) ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে গবেষণাটির ফলাফল তুলে ধরেন র্যাপিডের চেয়ারম্যান এম এ রাজ্জাক। গবেষণাটি যৌথভাবে পরিচালনা করেছেন সংস্থাটির গবেষণা পরিচালক মো. দীন ইসলাম ও সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট তাহসিন রিফাত।
গবেষণায় দেখা গেছে, ভ্যাটের এই অসম চাপ গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর ওপর সবচেয়ে বেশি পড়ে। গ্রামের সবচেয়ে দরিদ্র পরিবারগুলোর আয়ের ২৩ শতাংশেরও বেশি অর্থ ভ্যাট বাবদ চলে যায়। বিপরীতে শহরের দরিদ্র পরিবারগুলোর ক্ষেত্রে এই হার প্রায় ১৬ দশমিক ৫ শতাংশ। পরোক্ষ করের এই অতিরিক্ত চাপের কারণে নিম্ন আয়ের মানুষ প্রতিনিয়ত বৈষম্যের শিকার হচ্ছেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, দেশের মোট পারিবারিক আয়ের ৪০ শতাংশের বেশি অর্জিত হয় শীর্ষ ১০ শতাংশ ধনী পরিবারের মাধ্যমে। বিদ্যমান করহার অনুযায়ী, দেশের সম্ভাব্য মোট ব্যক্তি আয়করের ৯৩ শতাংশের বেশি এই শীর্ষ ধনী শ্রেণির কাছ থেকে আসার কথা। অন্যদিকে দেশের নিচের দিকের ৭০ শতাংশ পরিবারের ওপর আয়করের কোনো দায়ভার নেই। কিন্তু বাস্তবে দেশে মোট শ্রমশক্তির মধ্যে মাত্র ৩ দশমিক ৫৭ শতাংশ মানুষ নিয়মিত আয়কর প্রদান করেন। এমনকি ই-টিআইএন ধারকদের মধ্যেও আয়কর রিটার্ন দাখিলের হার বেশ কম। তথ্য অনুযায়ী, ব্যক্তিপর্যায়ে রিটার্ন দাখিলের হার ৪৩ দশমিক ১ শতাংশ এবং প্রতিষ্ঠানের ক্ষেত্রে তা মাত্র ২৩ দশমিক ৬ শতাংশ। সমপরিমাণ আয়ের ওপর সমহারে কর এবং বেশি আয়ের মানুষের ওপর বেশি কর আরোপ করা হলে করব্যবস্থা বৈষম্যহীন হবে এবং রাজস্ব প্রশাসনের প্রতি জনগণের আস্থা বাড়বে।
অনুষ্ঠানে র্যাপিডের চেয়ারম্যান এম এ রাজ্জাক বলেন, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি কর ব্যবস্থায় ন্যায্যতা, স্বচ্ছতা ও সঠিক নাগরিক সেবা নিশ্চিত করা জরুরি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার জানান, সরকার বর্তমানে রাজস্ব পুনরুদ্ধারের কার্যকর উপায়গুলো খতিয়ে দেখছে। তবে সম্পত্তি বা ধনসম্পদের ওপর কর আরোপের জটিলতা তুলে ধরে অর্থসচিব ব্যাখ্যা করেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া দামি সম্পদের ওপর কর দেওয়ার মতো প্রয়োজনীয় নগদ অর্থ অনেক মালিকের কাছে সব সময় নাও থাকতে পারে।
Tags: অর্থনীতি, আয়কর, এম এ রাজ্জাক, কর বৈষম্য, ভ্যাট, র্যাপিড