বিশ্বজুড়ে মৃত্যুদণ্ড প্রথা স্থগিত করার আহ্বান জানিয়ে জাতিসংঘে আনা একটি প্রস্তাবে ভোটদান থেকে বিরত থেকেছে বাংলাদেশ। গত ১৩ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে প্রস্তাবটি পেশ করা হলে বাংলাদেশসহ ১৬টি দেশ ভোটদানে অংশ নেওয়া থেকে বিরত থাকে। মেক্সিকো উত্থাপিত এই প্রস্তাবটি শেষ পর্যন্ত ১৩৩টি দেশের সমর্থন নিয়ে অনুমোদিত হয়েছে। প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে ১৩৩টি দেশ এবং বিপক্ষে ভোট পড়েছে ৩৩টি। ‘মৃত্যুদণ্ডের ব্যবহার স্থগিতকরণ’ শীর্ষক প্রস্তাবটি উত্থাপন করে মেক্সিকো।
তবে প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে ৩৩টি দেশ। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, ভারত, চীন, সৌদি আরব, কাতার, ওমান, ইরান, ইরাক, পাকিস্তান, মিসর, জাপান, বাহরাইন, কুয়েত ও মালদ্বীপের মতো দেশগুলো।
জাতিসংঘের ভাষ্যমতে, অপরাধ দমন বা ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিতে মৃত্যুদণ্ডের কার্যকর ভূমিকার কোনো জোরালো প্রমাণ নেই। একবিংশ শতাব্দীতে এ ধরনের শাস্তির যৌক্তিকতা নেই উল্লেখ করে সংস্থাটি বিশ্বব্যাপী মৃত্যুদণ্ড ব্যবস্থা বাতিলের বা এর প্রয়োগ স্থগিত রাখার আহ্বান জানিয়ে আসছে। বর্তমানে বিশ্বের অধিকাংশ দেশই মৃত্যুদণ্ড বিলুপ্ত অথবা এর প্রয়োগ স্থগিত রেখেছে।
Tags: জাতিসংঘ, বাংলাদেশ, মৃত্যুদণ্ড, মেক্সিকো, সাধারণ পরিষদ