যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে সরিয়ে দেওয়ার বিষয়ে যে গুঞ্জন ছড়িয়েছে, তা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পারনেল জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান মেয়াদের শেষ দিন পর্যন্ত দায়িত্ব পালনে হেগসেথ পূর্ণমাত্রায় প্রতিশ্রুতিবদ্ধ।
ফক্স নিউজ ডিজিটালকে দেওয়া এক সাক্ষাৎকারে শন পারনেল বলেন, কোনো ধরনের অনিয়ম না থাকা সত্ত্বেও রাজনৈতিক ফায়দা লোটার উদ্দেশ্যে ডেমোক্র্যাটরা ভুয়া তদন্তের চাপ সৃষ্টি করছে। তবে এই ধরনের রাজনৈতিক প্রতিহিংসা বা হয়রানির হুমকিতে হেগসেথ কখনোই পিছু হটবেন না। তিনি নিজের অবস্থানে দৃঢ় থেকে দায়িত্ব পালন চালিয়ে যাবেন।
মুখপাত্র আরও বলেন, আইন মেনে যুদ্ধ মন্ত্রণালয় তার কার্যক্রম পরিচালনা করছে। সংবিধান রক্ষা এবং মার্কিন সেনাদের নেতৃত্বের পাশাপাশি দেশের নিরাপত্তা নিশ্চিত করার কাজ প্রতিদিন চালিয়ে যাবেন প্রতিরক্ষামন্ত্রী। প্রেসিডেন্ট ট্রাম্পের এজেন্ডা বাস্তবায়নে মন্ত্রণালয় বদ্ধপরিকর।
উল্লেখ্য, এর আগে বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ একাধিক সূত্রের বরাতে জানিয়েছিল, হেগসেথকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প তার উপদেষ্টাদের সাথে আলোচনা করেছেন। তবে পেন্টাগন আনুষ্ঠানিকভাবে এই গুঞ্জন প্রত্যাখ্যান করে হেগসেথের ওপর আস্থা পুনর্ব্যক্ত করল। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করে সিবিএস নিউজ।
Tags: ডোনাল্ড ট্রাম্প, পিট হেগসেথ, পেন্টাগন, যুক্তরাষ্ট্র