শারদীয় দুর্গোৎসব ও অন্যান্য ধর্মীয় উৎসব উপলক্ষে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত দেশের সব হাইস্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের পরীক্ষার দিন নির্ধারণ না করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করা হয় বলে বিডিনিউজ২৪. কমের এক প্রতিবেদনে জানানো হয়।
এই ১২ দিনের মধ্যে শারদীয় দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা এবং লক্ষ্মীপূজার ছুটিও অন্তর্ভুক্ত রয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রশাসন ও সংস্থাপন শাখার সিনিয়র সহকারী সচিব মো. রাজিবুল আলম স্বাক্ষরিত আদেশে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানের ২০২৫ সালের বাৎসরিক ছুটির তালিকা অনুযায়ী ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ছুটি অনুমোদন করা হয়েছে। এ সময়ে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষার সময়সূচি না দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে অনুরোধ জানানো হয়েছে।
আদেশে আরও বলা হয়, আসন্ন দুর্গাপূজা ও অন্যান্য ধর্মীয় উৎসব যেন আনন্দঘন এবং ভাবগাম্ভীর্যের পরিবেশে উদযাপিত হয়, সে উদ্দেশ্যেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রতিবছরের মতো এবারও মহাষষ্ঠীর দিন অর্থাৎ ২৮ সেপ্টেম্বর থেকে দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর ২৯ সেপ্টেম্বর মহাসপ্তমী, ৩০ সেপ্টেম্বর মহাষ্টমী, ১ অক্টোবর মহানবমী এবং ২ অক্টোবর বিজয়া দশমীতে দেবী বিসর্জনের মধ্য দিয়ে পূজার পরিসমাপ্তি ঘটবে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এ বছর সারাদেশে ৩৩ হাজার ৫৭৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রাজধানী ঢাকায় পূজা হবে ২৫৫টি মণ্ডপে।
সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলোতেও ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে। ৮ অক্টোবর থেকে ক্লাস শুরু হবে।
অন্যদিকে, সরকারি-বেসরকারি কলেজগুলো ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ছুটিতে থাকবে। পরবর্তী দুই দিন শুক্র ও শনিবার হওয়ায় কলেজগুলোতে ক্লাস শুরু হবে ১২ অক্টোবর থেকে।
বিটি/ আরকে
Tags: দুর্গোৎসব, ধর্মীয় ছুটি, পরীক্ষা