নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাছাইপর্বের শেষ ম্যাচেও জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হিসেবেই মূলপর্বে প্রবেশ করলো বাংলাদেশ দল। অবশ্য এর আগেই টানা ছয় ম্যাচ জিতে আসরের মূলপর্বে জায়গা করে নিয়েছিল নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল।
আজ রোববার (১ ফেব্রুয়ারি) নেপালে সুপার সিক্সের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারায় টাইগ্রেসরা। ১০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১৬.৪ ওভারে জয় নিশ্চিত করে বাংলাদেশ। অধিনায়ক জ্যোতি ৪৪ বলে ৭ চারসহ অপরাজিত ৫০ রান করেন। সোবানা মোস্তারি ২৩ বলে ৫ চার ও ১ ছক্কায় অপরাজিত থাকেন ৩৩ রানে।
এই দুই ব্যাটারের অপরাজিত ৫৭ রানের জুটিতেই সহজ জয় নিশ্চিত হয় বাংলাদেশের। যদিও রান তাড়ায় শুরুটা ভালো হয়নি লাল-সবুজদের। মাত্র ৬ রানের মধ্যেই দুই ওপেনার দিলারা আক্তার (৪) ও জুরাইরিয়া ফেরদৌস (০) আউট হয়ে যান। পরে জ্যোতির সঙ্গে ৪২ রানের জুটি গড়ে চাপ সামাল দেন শারমিন আক্তার। তিনি ২৮ বলে ১৩ রান করে বিদায় নিলে সোবানা এসে জ্যোতির সঙ্গে ম্যাচ শেষ করেন।
এর আগে বল হাতে নেদারল্যান্ডসকে কম রানে আটকে রাখতে বড় ভূমিকা রাখেন নাহিদা আক্তার ও মারুফা আক্তার। নাহিদা ৪ ওভারে ১ মেডেনসহ মাত্র ১০ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। মারুফা ৪ ওভারে ১৪ রান খরচায় নেন ১ উইকেট। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০২ রানেই থেমে যায় ডাচরা।
গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনি, নামিবিয়া ও আয়ারল্যান্ডকে হারিয়ে সুপার সিক্স নিশ্চিত করেছিল বাংলাদেশ। এরপর থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেয় দলটি। পরে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসকে হারিয়ে বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে অভিযান শেষ করে টাইগ্রেসরা।
আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে নারীদের দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১২ দলের এই টুর্নামেন্টে অংশগ্রহণের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ।
Tags: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ, বাংলাদেশ