বাণিজ্যিক সৌরবিদ্যুৎ কিনতে প্রতি ইউনিট সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সা দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অথচ ছাদে উৎপাদিত সৌরবিদ্যুৎ কিনতে প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দাম নির্ধারণ করেছে বিদ্যুৎ বিভাগ। মাত্র এক মাসের ব্যবধানে সৌরবিদ্যুৎ কেনার দামে এই পার্থক্য দেখা দিয়েছে।
বুধবার বিইআরসির আদেশে বলা হয়, ৩৩ কেভি লাইনে বাণিজ্যিক সৌরবিদ্যুতের দাম হবে প্রতি ইউনিট ৬ টাকা ৯৮ পয়সা। ১৩২ কেভি লাইনে দাম হবে ৭ টাকা ১১ পয়সা। এই দামে বিদ্যুৎ কিনবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
অন্যদিকে, ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন করে সরকারকে বিক্রির জন্য প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দাম নির্ধারণ করেছে বিদ্যুৎ বিভাগ।
বিইআরসির আদেশে বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ লাইন ব্যবহারের জন্য আলাদা মাশুলও নির্ধারণ করা হয়েছে। কোনো উৎপাদনকারী অন্য প্রতিষ্ঠানের গ্রিড ব্যবহার করলে প্রতি ইউনিট ১ টাকা ২২ পয়সা দিতে হবে। সঞ্চালন লাইনের জন্য দিতে হবে আরও ৩৮ পয়সা।
বাণিজ্যিক নবায়নযোগ্য বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনকারীকে নিজ দায়িত্বে গ্রাহক সংগ্রহ করতে হবে। উৎপাদিত বিদ্যুতের ২০ শতাংশ সরকার কিনবে।
এন/আই