নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেকহোল্ডার প্রতিষ্ঠান মশিহর সিকিউরিটিজ লিমিটেডের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের যাচাইকৃত পাওনা অর্থ পরিশোধ শুরু হয়েছে। গতকাল সোমবার ১৫ জন বিনিয়োগকারীর মধ্যে চেক হস্তান্তরের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
ডিএসই ইনভেস্টর প্রটেকশন ফান্ড (আইপিএফ) থেকে পর্যায়ক্রমে ১৭ হাজার ৩০০ জনের বেশি যাচাইকৃত ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীকে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত পরিশোধ করা হবে। যেসব বিনিয়োগকারীর সম্পূর্ণ পাওনা এ পর্যায়ে পরিশোধ সম্ভব হবে না, তাদের অবশিষ্ট অর্থ আইনানুগ প্রক্রিয়ায় পরিশোধের উদ্যোগ নেওয়া হবে।
চেক হস্তান্তর অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান বলেন, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য অর্থ পরিশোধের প্রক্রিয়া শুরু হওয়া গুরুত্বপূর্ণ। পর্যায়ক্রমে সব যাচাইকৃত বিনিয়োগকারীর পাওনা পরিশোধ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে ট্রেকহোল্ডার প্রতিষ্ঠানগুলোর ব্যাক-অফিস ব্যবস্থাপনা শক্তিশালী ও রিয়েল-টাইম মনিটরিংয়ের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান বিএসইসি চেয়ারম্যান।
ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের পাওনা পরিশোধ শুরু হওয়া দেশের পুঁজিবাজারের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বিনিয়োগকারীদের আস্থা ও স্বার্থ সুরক্ষা সুশৃঙ্খল ও টেকসই পুঁজিবাজারের অন্যতম ভিত্তি।
অনুষ্ঠানে বিএসইসির কমিশনার নাফিজ আল তারিক, হোসেইন শাদাত, ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার, আইপিএফ চেয়ারম্যান নাসরিন বেগমসহ বিএসইসি, ডিএসই ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এন/আই
Tags: ডিএসই, পুঁজিবাজার, মশিউর সিকিউরিটিজ