মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কোল্ডপ্লে-এর সুরে যখন ভেসে যাচ্ছিল রাতের আকাশ, তখন সুরের মূর্ছনায় প্রেমের আবেশ ছড়ালেন ফুটবল জাদুকর লিওনেল মেসি এবং তার প্রিয়তমা স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। গত রোববার রাতে পরিবারের সঙ্গে কনসার্টে যোগ দিয়েছিলেন ইন্টার মায়ামির অধিনায়ক, আর সেখানেই ধরা পড়ল তাদের ভালোবাসার এক মন ছুঁয়ে যাওয়া মুহূর্ত।
মেসি তার ইনস্টাগ্রামে স্ত্রীর আন্তোনেলা এবং তিন সন্তানের সঙ্গে একটি ব্যক্তিগত স্যুট থেকে ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা গেছে, ৩৮ বছর বয়সী মেসি বেশ উৎফুল্ল কোল্ডপ্লে-এর ‘মিউজিক অফ দ্য স্ফেয়ার্স ওয়ার্ল্ড ট্যুর’-এর শেষ মার্কিন শোতে।
গত শনিবার এফসি সিনসিনাটির বিপক্ষে ইন্টার মায়ামির গোলশূন্য ড্র ম্যাচে তিনি খেলতে পারেননি। কারণ এক ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করছিলেন তিনি।
ইএসপিএন জানায়, রোববারের কনসার্টে, যখন ক্রিস মার্টিনের জাদুকরী কণ্ঠে ভেসে আসছে সুর, তখনই জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠেন বার্সেলোনার সাবেক এই তারকা ও তার স্ত্রী। কোল্ডপ্লে-এর ভোকাল ক্রিস মার্টিন আটবারের ব্যালন ডি’অর জয়ীকে স্বাগত জানান গান গেয়ে: “আজ আমাদের ব্যান্ডকে দেখতে আসার জন্য ধন্যবাদ, সর্বকালের সেরা এক নম্বর ক্রীড়াব্যক্তিত্ব।”
আর এরপরই ঘটে সেই জাদুকরী মুহূর্ত। ‘কিস ক্যাম’-এ ভেসে ওঠে মেসি এবং আন্তোনেলার ভালোবাসার ছবি। হাজারো দর্শকের সামনে একে অপরের দিকে তাকিয়ে তারা মেতে ওঠেন ভালোবাসার প্রকাশে, যা দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠে পুরো স্টেডিয়াম। মুহূর্তেই দর্শকরা “মেসি! মেসি!” ধ্বনিতে মুখরিত করে তোলে চারপাশ। ফুটবল মাঠের বাইরেও যে মেসি ভালোবাসার গোল করতে জানেন, তা যেন আরও একবার প্রমাণ হলো এই মনোমুগ্ধকর মুহূর্তে।
বিটি/ আরকে
Tags: 'কিস ক্যাম', আন্তোনেলা ভালোবাসার কাব্য, কোল্ডপ্ল কনসার্ট, মেসি