রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশের ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রসিকিউশন সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর এই মামলার ফরমাল চার্জ গঠনের জন্য দিন ধার্য ছিল। তবে কারাগারে থাকা ১১ জন আসামির মধ্যে সাবেক আইজিপি একেএম শহীদুল হক অসুস্থতার কারণে ট্রাইব্যুনালে উপস্থিত হতে পারেননি। শারীরিক অসুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত সেদিন শুনানি পিছিয়ে আজকের দিন নির্ধারণ করেন।
বর্তমানে কারাগারে থাকা অন্য আসামিদের মধ্যে রয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি ও আবদুল লতিফ সিদ্দিকী। এছাড়াও মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাংবাদিক ফারজানা রুপাও কারাগারে রয়েছেন।
শেখ হাসিনাসহ পলাতক আসামিদের তালিকায় রয়েছেন ড. মহিউদ্দিন খান আলমগীর, শেখ ফজলুল করিম সেলিম, মাহবুবউল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ওমর ফারুক চৌধুরী, সালাউদ্দিন মাহমুদ, ডা. ইমরান এইচ সরকার, হাসান মাহমুদ খন্দকার, ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বেনজীর আহমেদ, মোখলেছুর রহমান, জেনারেল আজিজ আহমেদ, লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমান, শেখ মুহাম্মাদ মারুফ হাসান, মাহবুব হোসেন, মনিরুল ইসলাম, মো. আনোয়ার হোসেন, আশরাফুজ্জামান, এসএম মেহেদী হাসান, হারুন-অর-রশীদ, বিপ্লব কুমার সরকার, সৈয়দ নুরুল ইসলাম, মো. আসাদুজ্জামান, এসএম শিবলী নোমান এবং বিএম ফরমান আলী।
উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল-২ শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছিলেন। পরে তাদের ঠিকানায় হদিস না পাওয়ায় এবং ১৬ সেপ্টেম্বরের মধ্যে আত্মসমর্পণ না করায় তাদের পলাতক ঘোষণা করা হয়। একইসঙ্গে এই আসামিদের জন্য সরকারি খরচে আইনজীবী নিয়োগের নির্দেশও দেওয়া হয়েছিল।
Tags: আইনি শুনানি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, মানবতাবিরোধী অপরাধ, শাপলা চত্বর, শেখ হাসিনা