দেশের শিক্ষা খাতের সামগ্রিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্য অর্জনে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সচিবালয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যাঁ পেসমে-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকারে দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, গুণগত মান নিশ্চিতকরণ এবং বর্তমান সংস্কার কার্যক্রম নিয়ে বিস্তারিত কথা হয়। শিক্ষামন্ত্রী এ সময় শিক্ষা খাতের উন্নয়নে বিশ্বব্যাংকের দীর্ঘস্থায়ী ভূমিকার প্রশংসা করেন। এর জবাবে বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জ্যাঁ পেসমে বাংলাদেশের শিক্ষা খাতের অগ্রগতি এবং সরকারের বিভিন্ন ইতিবাচক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি ভবিষ্যতেও এই উন্নয়ন অংশীদারিত্ব বজায় রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকটিতে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, প্রাথমিক ও গণশিক্ষা সচিব দাউদ মিয়া এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁঞা অংশগ্রহণ করেন।
Tags: ড. আ ন ম এহছানুল হক মিলন, বিশ্বব্যাংক, শিক্ষা খাত, শিক্ষা মন্ত্রণালয়