1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

শেখ হাসিনার রায় আজ রাজধানীসহ সারা দেশে বাড়তি নিরাপত্তা প্রস্তুতি

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার রায় আজ ঘোষণা করা হবে। এ রায়কে ঘিরে কয়েকদিন ধরে ঢাকাসহ সারা দেশেই বিচ্ছিন্নভাবে যানবাহনে অগ্নিসংযোগ, ককটেল এমনকি পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। হয়েছে প্রাণহানিও। এমন পরিস্থিতিতে রায় ঘোষণাকে কেন্দ্র করে যদি কোনো নাশকতা হয় তা প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। সারা দেশেই বিশেষ নিরাপত্তা প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া ঢাকাসহ চার জেলায় ব্যাপক নাশকতার শঙ্কায় অন্যান্য বাহিনীর সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। গতকাল বিজিবি সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

এদিকে যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করতে এলে গুলির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। এর আগে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার একই ধরনের নির্দেশনা দিলে তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। এবার একই নির্দেশনা দিলেন ডিএমপি কমিশনার।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম সাংবাদিকদের জানান, ট্রাইব্যুনাল-১ বেলা ১১টায় বসবে বলে রেজিস্ট্রার অফিস জানিয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। সেই সঙ্গে বিটিভি থেকে দেশের অন্য টেলিভিশন তা সরাসরি সম্প্রচার করতে পারবে। পাশাপাশি ঢাকার কয়েকটি স্থানে বড় পর্দায় সরাসরি রায় ঘোষণা করা হবে।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করবেন। ট্রাইব্যুনালে অন্য দুই সদস্য বিচারক হলেন মো. শফিউল আলম মাহমুদ ও মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

শেখ হাসিনার সঙ্গে এ মামলার অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। রায়ের বিষয়ে প্রসিকিউটর গাজী এমএইচ তামীম সাংবাদিকদের বলেন, ‘আমরা আসামিদের অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছি এবং সর্বোচ্চ শাস্তি চেয়েছি।’

রায়টিকে সামনে রেখে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় যানবাহনে আগুন, হাতবোমা বিস্ফোরণ, সড়ক অবরোধের খবর পাওয়া যাচ্ছে। এমন প্রেক্ষাপটে রায় ঘোষণার আগের দিন থেকেই বাড়তি নিরাপত্তা বলয়ে নিয়ে আসা হয়েছে দেশের চার জেলা—ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরকে। সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দায়িত্ব পালন করছে বিজিবি।

জেলাগুলোর গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল ও নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম। বণিক বার্তাকে তিনি বলেন, ‘ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুর জেলার সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি দায়িত্ব পালন করছে। আমরা জনগণকে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে মাঠে কার্যক্রম জোরদার করেছি।’

পুলিশ কর্মকর্তারা জানান, সাম্প্রতিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গত কয়েক দিন ধরে পুলিশ সদর দপ্তরসহ বিভিন্ন ইউনিটে ধারাবাহিকভাবে বৈঠক হয়েছে। রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং জেলার পুলিশ সুপারদের (এসপি) চোরাগোপ্তা হামলা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে। ঢাকার চারপাশে দেয়া হয়েছে কঠোর নিরাপত্তা বেষ্টনী তৈরির নির্দেশ। আজকের রায়কে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনা, ভিআইপি এলাকা এবং শহরের প্রবেশপথে জোরদার করা হয়েছে নজরদারি; বাড়তি চেকপোস্ট বসানো হয়েছে প্রধান সড়কগুলোয়।

এরই ধারাবাহিকতায় গতকাল রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। ঝটিকা মিছিল আয়োজন ও অর্থায়নে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

এদিকে নিরাপত্তার বিষয়টি সামনে এনে সতর্ক রয়েছে স্বয়ং সুপ্রিম কোর্ট প্রশাসনও। রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদারের জন্য সেনাবাহিনী মোতায়েন চেয়ে সেনা সদরে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট। গতকাল সন্ধ্যায় সেনা সদরে চিঠি পাঠানোর বিষয়টি সুপ্রিম কোর্ট প্রশাসন নিশ্চিত করেছে। দেশে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বরিশাল পুলিশ লাইনসে তিনি বলেন, ট্রাইব্যুনাল রায় যা-ই দিক, তা কার্যকর হবে। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচন ফ্রি, ফেয়ার ও উৎসবমুখর করতে মাঠ প্রশাসনকে সব ধরনের প্রস্তুতি নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো নয়, খারাপও নয়। এটাকে ‘মোটামুটি সন্তোষজনক’ পরিস্থিতি বলা যায়।

এর আগে মোটরসাইকেল থেকে পুলিশের ওপর ককটেল নিক্ষেপ করতে এলে গুলির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। গতকাল বিকালে বেতার বার্তায় কমিশনার এমন নির্দেশনা দেন। তিনি বলেন, ‘আমি ওয়্যারলেসে বলেছি যে কেউ বাসে আগুন দিলে, ককটেল মেরে জীবনহানির চেষ্টা করলে তাকে গুলি করতে। এটা আমাদের আইনেই বলা আছে।’

এক সপ্তাহ ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে দুর্বৃত্তরা। এছাড়া বিভিন্ন মহাসড়ক ও বাসে আগুন দেয়ার ঘটনায় সাধারণ মানুষ উদ্বেগ প্রকাশ করেছে। এ পরিস্থিতিতে বিজিবি এবং অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে কাজ করছে, যাতে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা যায়। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসেন বণিক বার্তাকে বলেন, ‘রায়কে কেন্দ্র করে রাজধানীসহ সারা দেশে প্রতিটি থানা পর্যায়ে বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা ঠেকাতে পুলিশের সব ইউনিটকে প্রস্তুত রাখা হয়েছে। আদালত পাড়ায়, গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টে বসানো হয়েছে বাড়তি চেকপোস্ট।’

বিটি/ আরকে

Tags: , , ,

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT