বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের চারটি বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেশের অন্যান্য অঞ্চলেও কমবেশি বৃষ্টির প্রবণতা দেখা দিতে পারে।
আজ বুধবার (২৭ আগস্ট) এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কিছু স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।
আবহাওয়ার পরবর্তী পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়েও কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন আসবে না।
শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও বজ্রসহ ভারী বর্ষণও হতে পারে। এ সময় সারাদেশের তাপমাত্রা প্রায় একই থাকবে।
শনিবার (৩০ আগস্ট) এবং রোববার (৩১ আগস্ট) একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। দেশের আটটি বিভাগেই কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কিছু স্থানে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
তবে রোববার দিনের এবং রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বিটি/ আরকে
Tags: ভারী বৃষ্টি