বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচেই গোলের বন্যা বইয়ে দিল আবাহনী লিমিটেড। প্রথম ম্যাচে পিডব্লিউডির বিপক্ষে গোলশূন্য ড্র করা মারুফুল হকের দল শনিবার ওয়ান্ডারার্সের জালে পাঁচবার বল পাঠিয়েছে। চাঁদপুর স্টেডিয়ামে নীল জার্সিধারীরা জয় পেয়েছে ৫-১ গোলের ব্যবধানে।
ম্যাচের তৃতীয় মিনিটেই আবাহনীকে এগিয়ে দেন নাইজেরিয়ান ফরোয়ার্ড অ্যান্থনি ওকাচি। মঈন আহমেদের অ্যাসিস্ট থেকে গোল করেন তিনি। কয়েক মিনিট পর মঈন নিজেই গোল করে আবাহনীর ব্যবধান বাড়িয়ে দেন ২-০।
১৬ মিনিটে জাহিদ হোসেনের গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় ওয়ান্ডারার্স। তবে সেই আশা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৩৩ মিনিটে নাইজেরিয়ার হয়ে বিশ্বকাপ খেলা মাইকেল বাবাতুন্দে পেনাল্টি থেকে গোল করে আবাহনীকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার কমেনি আবাহনীর। ৭৫ মিনিটে স্বদেশি সানডে আফোলাবির পাস থেকে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন ওকাচি।
নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ে আল আমিন আবাহনীর হয়ে পঞ্চম গোলটি করেন।
ফলে ৫-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মারুফুল হকের দল। প্রথম ম্যাচে গোল না পেলেও দ্বিতীয় ম্যাচেই পাঁচ গোল করে নিজেদের সামর্থ্যের জানান দিল আবাহনী।
এন/আই
Tags: আবাহনী