আলজেরিয়ার ৭২তম বিপ্লব বার্ষিকী উদযাপন উপলক্ষে ঢাকায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল। রোববার রাজধানীর নিকুঞ্জের লা মেরিডিয়ান হোটেলের স্কাই বলরুমে আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানি ও তাঁর স্ত্রী মেরিয়েম সাইদানি এই অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে দলের একটি প্রতিনিধিদল যোগ দেয়। এ সময় দলের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের লেখা একটি বিশেষ চিঠি রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানির কাছে হস্তান্তর করা হয়। চিঠিটি আলজেরিয়ার প্রেসিডেন্টের উদ্দেশ্যে লেখা হয়েছে।
চিঠিতে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে বিদ্যমান কূটনৈতিক সম্পর্ক এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ জানানো হয়েছে। প্রতিনিধিদলের সাথে এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, সংরক্ষিত আসনের জাতীয় সংসদ সদস্য নুরুন্নিছা সিদ্দিকা, মারজিয়া বেগম, নাজমুন্নাহার নীলু, সাবিকুন্নাহার মুন্নি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুরসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
Tags: আলজেরিয়া, কূটনীতি, জামায়াতে ইসলামী, ডা. শফিকুর রহমান, মিয়া গোলাম পরওয়ার