খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, যুবসমাজ দেশের সবচেয়ে বড় শক্তি ও সম্ভাবনার জায়গা। দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে তরুণ প্রজন্মকে দক্ষ, যোগ্য এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার কোনো বিকল্প নেই। বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং যুবকদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
রোববার ঘিওর উপজেলার জোকা এলাকায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রী। এসময় জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, সিভিল সার্জন ড. আইভী ফেরদৌস, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. শহীদুল ইসলাম এবং প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলমসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Tags: আফরোজা খানম রিতা, খাদ্যমন্ত্রী, ঘিওর, জাতীয় যুব দিবস, যুব উন্নয়ন