মেক্সিকোর মধ্যাঞ্চলীয় হিদালগো রাজ্যে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় দুইজন প্রাণ হারিয়েছেন। সোমবার (২ নভেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে পাচুকা জাতীয় বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র এক মিনিটের মাথায় ছোট আকারের এই বিমানটি বিধ্বস্ত হয়। দেশটির ফেডারেল সিভিল এভিয়েশন এজেন্সি (এএফএসি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
গ্রুপো অ্যারোস্পেসিয়াল অ্যাভস্পেস পরিচালিত সেসনা-২১০ মডেলের বিমানটি মোরেলোস রাজ্যের কুয়েরনাভাকা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। সংস্থাটির সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলা হয়, গ্রুপো অ্যারোস্পেসিয়াল অ্যাভস্পেস পরিচালিত সেসনা-২১০ মডেলের বিমানটি স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় উড্ডয়ন করে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, রানওয়ে ২১-এর শুরুর প্রান্ত থেকে ৫০০ মিটার দূরত্ব অতিক্রম করার পর বিমানটি ওপরে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপরই সেটি হিদালগো রাজ্যের রাজধানী পাচুকার ভেন্তা প্রিয়েতা এলাকার তেজোনতলে অ্যাভিনিউতে আছড়ে পড়ে। বিমানবন্দরের রানওয়ের কাছেই ঘনবসতিপূর্ণ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর পাচুকা বিমানবন্দর কমান্ডের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ ও জরুরি কার্যক্রম সমন্বয় করেন। তবে নিহতদের পরিচয় কিংবা বিমানে তাদের অবস্থানের বিষয়ে কোনো তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। এছাড়া বিমানটি জনবহুল সড়কে বিধ্বস্ত হওয়ার সময় সেখানে কোনো পথচারী আহত হয়েছেন কি না, কিংবা কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে কি না—তা এখনো স্পষ্ট করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিমানটিতে থাকা দুই আরোহীই নিহত হয়েছেন।
বর্তমানে এএফএসি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রশাসনিক তদন্ত শুরু করেছে। যদিও বিমানটিতে কোনো যান্ত্রিক গোলযোগ ছিল কি না, কিংবা দুর্ঘটনার সময় আবহাওয়া পরিস্থিতি কেমন ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। উল্লেখ্য, সেসনা-২১০ একটি এক ইঞ্জিনবিশিষ্ট ছোট বিমান, যা মূলত ব্যক্তিগত বা বেসামরিক প্রয়োজনে ব্যবহৃত হয়ে থাকে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে পরবর্তী আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে। সাধারণত ব্যক্তিগত যাতায়াত ও অন্যান্য বেসামরিক বিমান চলাচলের কাজে এটি ব্যবহার করা হয়।
Tags: দুর্ঘটনা, নিহত, বিমান বিধ্বস্ত, মেক্সিকো, হিদালগো