নেত্রকোণার দুর্গাপুরে এক ব্যক্তিকে অপহরণ ও পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় বদিউজ্জামান ওরফে বদি (৪০) নামের এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে দুর্গাপুর সদর উপজেলার মেনকীফান্দা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর পুলিশ জানতে পারে, তার বিরুদ্ধে হত্যা ও অপহরণসহ অন্তত ১৯টি মামলা রয়েছে।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ আগস্ট রাত ১০টার দিকে ৩৫ বছর বয়সী শফিকুল ইসলাম শিবগঞ্জ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে পূর্বপরিকল্পিতভাবে একদল ব্যক্তি তার পথরোধ করে। পরে তার মুখে কাপড় চেপে মোটরসাইকেলে তুলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং টাকা না দিলে হত্যার হুমকি দেওয়া হয়।
পরবর্তীতে শফিকুলকে ধোবাউড়া উপজেলার রনসিংহপুর বাজার এলাকায় নেওয়া হলে পুলিশি তৎপরতা টের পেয়ে অপহরণকারীরা তাকে ফেলে রেখে পালিয়ে যায়। পুলিশ সেখান থেকে তাকে উদ্ধার করে দুর্গাপুর থানায় নিয়ে আসে। এ ঘটনায় গত ২৫ আগস্ট শফিকুলের ভাই ফারুক আহমেদ (৪৮) বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭-৮ জনকে আসামি করে দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের করেন।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “ অপহরণের খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে শফিকুল ইসলামকে উদ্ধার করা হয়। এ ঘটনায় তার ভাই বাদী হয়ে থানায় মামলা করেন। ওই মামলায় বদিউজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। ”
Tags: গ্রেপ্তার, দুর্গাপুর, নেত্রকোণা, পুলিশ, বদিউজ্জামান