বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরিকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার জেরিকা তাসনীম দিশার (১৯) ফের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে তিনি চারদিনের রিমান্ড শেষে কারাগারে ছিলেন। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলামের আদালতে শুনানি শেষে বিচারক এ আদেশ প্রদান করেন। মামলার তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন আসামিকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
তদন্তকারী কর্মকর্তার রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে, গত ২৭ অক্টোবর রাতে নিহত তাহসিফের সঙ্গে উত্তরায় নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে গিয়েছিলেন দিশা। এর আগেও তারা একাধিকবার স্থানীয় সিপি ফাইভ স্টার স্ন্যাকসে দেখা করেছেন। মামলার অপর আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপের (২৩) সঙ্গেও একটি মোটরসাইকেল গ্যারেজে দিশার উপস্থিতির তথ্য পাওয়া গেছে। এছাড়া তাহসিফের সঙ্গে বিভিন্ন স্থানে মোটরসাইকেলে ঘোরাঘুরি করার তথ্যও উঠে এসেছে তদন্তে। তাহসিফের মোবাইল ফোনের কললিস্ট পর্যালোচনা করে ঘটনার আগে দিশার সঙ্গে একাধিকবার কথা বলার প্রমাণ পাওয়া গেছে বলে আবেদনে জানানো হয়।
প্রাথমিক তদন্তে তাহসিফ হত্যাকাণ্ডে দিশার সম্পৃক্ততার তথ্যপ্রমাণ পাওয়া গেছে উল্লেখ করে তদন্তকারী কর্মকর্তা জানান, মামলার রহস্য উন্মোচন, অজ্ঞাত আসামিদের শনাক্তকরণ, হত্যাকাণ্ডের মূল স্থান নির্ধারণ এবং প্রয়োজনীয় আলামত উদ্ধারের জন্য আসামিকে পুনরায় নিবিড় জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এছাড়া অপর আসামি দীপের দেওয়া তথ্যের সঙ্গে দিশার বক্তব্য মুখোমুখি যাচাই করার গুরুত্বের কথাও আবেদনে তুলে ধরা হয়েছে।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু দীপের ডাকে বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ। রাতে দেরি হওয়ায় তার মা ফোন করলে কিছুক্ষণের মধ্যে বাসায় ফেরার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। রাত ১টা ৩৫ মিনিটে তাহসিফের ফোন থেকে মেসেঞ্জারে একটি ভয়েস মেসেজ আসে, যাতে তিনি ‘রওনা দিয়েছেন’ বলে জানিয়েছিলেন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরদিন ২৮ অক্টোবর বিকেল ৫টা ২০ মিনিটে উত্তরখানের রাজাবাড়ী ঘাট এলাকায় তুরাগ নদে তাহসিফের মৃতদেহ ভেসে ওঠে। এ ঘটনায় ৩০ অক্টোবর নিহতের বাবা কে এম এনায়েতুল করিম বাদী হয়ে উত্তরখান থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে এ মামলায় দীপকে গ্রেফতার দেখানো হয়।
Tags: জেরিকা তাসনীম দিশা, তাহসিফ সাউরি, তুরাগ নদ, রিমান্ড, হত্যা মামলা