মোংলা থেকে দেশের উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল ও বেগবান করতে পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা জরুরি। বৃহস্পতিবার বাগেরহাটের মোংলায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠানে ইনভেস্ট বাংলাদেশ এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেনের নেতৃত্বে আসা উচ্চপর্যায়ের এক প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে এই চুক্তি সম্পন্ন হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি মোংলাকে কেন্দ্র করে শিল্পায়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসারে চীনা বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও চীনের পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই বিনিয়োগ, শিল্পায়ন এবং অবকাঠামো উন্নয়নে নতুন সম্ভাবনার পথ উন্মোচিত হবে।
এ সময় মধ্যপ্রাচ্যে চীনা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশি জনবল নিয়োগের ক্ষেত্রে বিশেষ সহায়তার জন্য চীনা প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান সরকারপ্রধান। দিনটিকে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আনন্দের উল্লেখ করে তিনি দেশের শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি গড়ার প্রচেষ্টায় পাশে দাঁড়ানোয় চীনা বিনিয়োগকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Tags: জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ চীন সম্পর্ক, মোংলা, সিআরসিসি