কাতারের কোস্ট অ্যান্ড বর্ডার সিকিউরিটি ডিপার্টমেন্টে (কিউসিবিএসডি) তিন বছর মেয়াদে দায়িত্ব পালন করতে বাংলাদেশ নৌবাহিনীর ২৪ সদস্য দেশটিতে রওনা হয়েছেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভোরে তারা ঢাকা ত্যাগ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
নৌবাহিনীর এই সদস্যরা কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে উপকূলীয় ও সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করবেন। তাদের দায়িত্বের মধ্যে রয়েছে সামুদ্রিক টহল, উদ্ধার কার্যক্রম এবং বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধ। ২০১২ সাল থেকেই বাংলাদেশ নৌবাহিনী নিয়মিতভাবে সেখানে সদস্য পাঠিয়ে আসছে, যারা তাদের দক্ষতা ও কর্মনিষ্ঠার মাধ্যমে কাতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আস্থা অর্জন করেছেন।
যাত্রার আগে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি তাদের পেশাদারত্ব, শৃঙ্খলা এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। এই নতুন নিয়োগের ফলে বাংলাদেশ ও কাতারের মধ্যকার প্রতিরক্ষা এবং নিরাপত্তা সহযোগিতা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। নতুন করে নিয়োগ পাওয়া ২৪ সদস্যের দায়িত্ব পালনের মধ্য দিয়ে বাংলাদেশ ও কাতারের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার হবে।
আইএসপিআর আরও জানিয়েছে, কাতারে এই দায়িত্ব পালনের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ নৌবাহিনীর পেশাদারিত্ব ও দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। এছাড়া, এই মিশনের মাধ্যমে জাতীয় রেমিট্যান্স প্রবাহে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে এবং দুই দেশের মধ্যে পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের নতুন ক্ষেত্র তৈরি হবে।
Tags: আইএসপিআর, কাতার, নিরাপত্তা সহযোগিতা, বাংলাদেশ নৌবাহিনী, রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক