বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ববিসাস) অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে ‘গণমাধ্যমের স্বাধীনতা, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় রাষ্ট্রের করণীয়’ শীর্ষক এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একইসঙ্গে কনফারেন্স হলের সামনে বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাস ও জুলাই বিপ্লবকে উপজীব্য করে একটি তথ্যচিত্র প্রদর্শনীও করা হয়। গণতন্ত্রের জন্য যেমন গণমাধ্যম দরকার, তেমনি গণমাধ্যমের স্বাধীনতার জন্য গণতান্ত্রিক চর্চা দরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফ্রিল্যান্স সাংবাদিক আকবর হোসেন। সভাপতিত্ব করেন ববিসাসের সভাপতি মো. রবিউল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান স্বপন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক ড. আবদুল আলিম বছির, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. ফরহাদ উদ্দীন এবং বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন।
প্রধান আলোচকের বক্তব্যে সাংবাদিক আকবর হোসেন বলেন, গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা একে অপরের পরিপূরক। তিনি উল্লেখ করেন, সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা যেখানে প্রশংসা ও নিন্দা—উভয়ই মেনে নিয়ে সামনে এগোতে হয়। বস্তুনিষ্ঠতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সাংবাদিকদের সততা ও পেশাদারিত্বই সরকার ও রাষ্ট্রীয় কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করার প্রধান মাধ্যম। একজন সাংবাদিকের নিজস্ব মতাদর্শ থাকতে পারে, তবে পেশাগত ক্ষেত্রে নিরপেক্ষতা ও ন্যায়বিচারই সবার কাছে গ্রহণযোগ্য করে তোলে। তিনি আরও বলেন, একজন সাংবাদিকের স্বাধীন থাকার সবচেয়ে বড় শক্তি হলো তার সততা ও পেশাদারিত্ব। আরেকটি বিষয় হলো, সাংবাদিকতা অন্য আর দশটি পেশার মতো নয়; এই পেশায় আসার পর কেউ আপনাকে প্রশংসা করবে, আবার কেউ নিন্দা করবে—দুটোই গ্রহণ করে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। বস্তুনিষ্ঠতা বজায় থাকলে ব্যক্তিগত মতাদর্শ থাকার পরও সবার প্রতি ন্যায়বিচার করা সম্ভব।
উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ উপস্থিত সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান। তিনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি অনুসন্ধানী সাংবাদিকতা চর্চার ওপর বিশেষ জোর দেন। সত্য ঘটনা উন্মোচনে অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এতে বরিশাল বিএম কলেজ সাংবাদিক সমিতির সভাপতি ও অন্যান্য প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন। আলোচনা শেষে অতিথিদের হাতে স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ববিসাসের সাধারণ সম্পাদক মাসুদ রানা। সবশেষে সভাপতি মো. রবিউল ইসলাম সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
Tags: গণমাধ্যম, প্রতিষ্ঠাবার্ষিকী, বরিশাল বিশ্ববিদ্যালয়, সাংবাদিক সমিতি, সাংবাদিকতা