অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় ফিলিস্তিনিদের মালিকানাধীন জমি দখলের লক্ষ্য নিয়ে নতুন করে চারটি সামরিক আদেশ জারি করেছে ইসরায়েল। মঙ্গলবার (১০ নভেম্বর) একাধিক ফিলিস্তিনি সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে। ফিলিস্তিনি প্রাচীর ও বসতি প্রতিরোধ কমিশনের তথ্যমতে, এই নতুন আদেশের আওতায় কালকিলিয়া, নাবালুস, তুবাস ও উত্তর জর্ডান উপত্যকার প্রায় ৪০ দশমিক ৭ একর জমি অন্তর্ভুক্ত রয়েছে। সামরিক প্রয়োজনে ব্যবহারের অজুহাতে এসব জমি দখলের পাশাপাশি আগে জারি করা আদেশগুলোর আওতাধীন এলাকাও সম্প্রসারিত করা হচ্ছে।
কমিশন অভিযোগ করেছে, ইসরায়েলের এই ধারাবাহিক পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো অবৈধ বসতিগুলোর চারপাশে বাফার জোন তৈরি করা, বসতির সংযোগ সড়ক প্রশস্ত করা এবং সামরিক অবস্থানের শক্তি বৃদ্ধি করা।
এই সিদ্ধান্তের ফলে স্থানীয় ফিলিস্তিনিদের যাতায়াত ব্যবস্থা চরমভাবে সীমিত হওয়ার পাশাপাশি তাদের স্বাভাবিক জীবনযাত্রা হুমকির মুখে পড়বে বলে সতর্ক করা হয়েছে। এদিকে ফিলিস্তিনি মানবাধিকার গোষ্ঠী ‘আল-বাইদার’ জানিয়েছে, হেব্রনের দক্ষিণে দুরা এলাকার হুমসা অঞ্চলে ইসরায়েলিরা নতুন করে আরেকটি অবৈধ বসতি স্থাপন করেছে, যা স্থানীয় বাসিন্দাদের উচ্ছেদের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। কমিশন সতর্ক করে বলেছে, এর প্রভাব সরাসরি দখলকৃত জমির বাইরেও বিস্তৃত হতে পারে, যার ফলে আশেপাশের এলাকায় ফিলিস্তিনিদের যাতায়াত সীমাবদ্ধ হয়ে পড়বে।
পরিসংখ্যান অনুযায়ী, গত মাসেই পশ্চিম তীর জুড়ে ২৮টি অবৈধ বসতি স্থাপনের চেষ্টা চালিয়েছে ইসরায়েলিরা, যার মধ্যে ৯টিই রয়েছে হেব্রন গভর্নরেটে। ২০২৩ সালের অক্টোবর থেকে গত তিন বছরে প্রায় ২৩১টি সামরিক পদক্ষেপের মাধ্যমে ইসরায়েল অন্তত ১৫ হাজার ৮১৪ একর ফিলিস্তিনি জমি দখল করেছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তথ্য অনুযায়ী, বর্তমানে অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে প্রায় ১৯৪টি অবৈধ বসতি এবং ৪০০টি সামরিক চৌকিতে প্রায় সাড়ে সাত লাখ ইসরায়েলি বসতি স্থাপনকারী বসবাস করছে।
Tags: ইসরায়েল, দখলদারিত্ব, পশ্চিম তীর, ফিলিস্তিন, বসতি স্থাপন