ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় যোগদানের পর থেকেই জনস্বার্থ রক্ষায় অবৈধ ড্রেজার, অপরিকল্পিত বালু উত্তোলন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা। গত ২২ সেপ্টেম্বর দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশংসনীয় ভূমিকা রাখছেন। প্রশাসনের এই সাহসী পদক্ষেপে অবৈধ ড্রেজার ব্যবসায়ী ও স্থানীয় অপরাধীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। উপজেলা প্রশাসনের এমন সাহসী ও সময়োপযোগী পদক্ষেপে অবৈধ ড্রেজার মালিক ও অপরাধীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং সাধারণ মানুষ একে সাধুবাদ জানিয়েছেন।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর থেকে এসব অভিযান জোরদার করা হয়। ইব্রাহিমপুর ইউনিয়নের বাঁশবাজার বোর্ড অফিস ব্রিজ সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও জমির শ্রেণি পরিবর্তনের দায়ে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন’ অনুযায়ী এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই দিনে ৯ নম্বর ওয়ার্ডে চালানো পৃথক অভিযানে দুটি ড্রেজার ও ৭০-৮০টি পাইপ জব্দ করে ধ্বংস করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় আড়াই থেকে তিন লাখ টাকা। পরিচালিত এসব অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ড্রেজার পাইপ ও সরঞ্জাম ধ্বংস করার পাশাপাশি বেশ কয়েকজন অপরাধীকে অর্থ ও কারাদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযান চলাকালে বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামে বালু উত্তোলনের দায়ে একজনকে ৫০ হাজার টাকা এবং শিবপুর ইউনিয়নের মিরপুর গ্রামে মাটি ভরাটের অভিযোগে অপর এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মিরপুর গ্রামে অভিযানে প্রায় ৮০টি পাইপলাইন ধ্বংস করা হয়েছে। এছাড়া নাটঘর ইউনিয়নের রসুলপুর গ্রামে মাটি কাটার সময় অপরাধীরা পালিয়ে গেলেও প্রায় ১ লাখ টাকা মূল্যের ভেকুর ইঞ্জিন ও তেলের সংযোগস্থল বিনষ্ট করা হয়। নান্দুয়া এলাকায় একই আইনে আরও একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া নান্দুয়া এলাকায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন’-এর আওতায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
কাইতলা উত্তর ইউনিয়নের কোনাউর গ্রামে একটি মেশিন জব্দ এবং তিনটি ড্রেজার মেশিন সম্পূর্ণভাবে বিনষ্ট করা হয়েছে, যার আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা। ড্রেজার ও বালু ব্যবসার পাশাপাশি ভোক্তা অধিকার ও মাদক নির্মূলেও সক্রিয় রয়েছেন এই কর্মকর্তা। বাঙ্গরা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চারজনকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও নবীনগর পৌরসভার খাজানগর এলাকায় এক মাদকসেবনকারীকে ১০০ টাকা জরিমানা ও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এসব অভিযানে নবীনগর থানার পুলিশ, সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা ও উপজেলা ভূমি অফিসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা মুঠোফোনে জানান, অবৈধ ড্রেজার, ভোক্তা অধিকার বিরোধী কার্যকলাপ এবং মাদকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা চলমান থাকবে। অপরাধীদের বিষয়ে কোনো ধরনের আপস করার সুযোগ নেই এবং জননিরাপত্তায় এই অভিযান অব্যাহত রাখা হবে। যত শক্তিশালীই হোক না কেন, এ বিষয়ে কোনো আপস নেই।
Tags: অবৈধ ড্রেজার, এসিল্যান্ড, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, ভ্রাম্যমাণ আদালত