গাজীপুরের শ্রীপুরে একটি খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে ছড়িয়ে পড়া আগুনে এক দুবাই প্রবাসীর মালিকানাধীন ১৩টি বসতঘর, একটি হোটেল ও একটি দোকান ভস্মীভূত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) সকালে পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ডেনিম্যাক কারখানার সামনের ওই বাড়িতে এই অগ্নিকাণ্ড ঘটে।
বাড়ির মালিক নিশাত ঢালীর স্বজন বাবুল মিয়া জানান, প্রায় দেড় বছর আগে নিশাত ঢালী ১৩টি বসতঘর ও দুটি দোকানসহ এই জায়গাটি কিনেছিলেন। ঘরগুলো স্থানীয় পোশাক কারখানার শ্রমিকদের কাছে ভাড়া দেওয়া ছিল। এর মধ্যে একটি দোকানে খাবার হোটেল চলছিল।
রবিবার সকাল ৯টার দিকে ওই হোটেল থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। মুহূর্তের মধ্যে আগুন পাশের বসতঘরগুলোতে ছড়িয়ে পড়ে এবং ঘরে থাকা সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ফায়ার সার্ভিসে খবর দেন।
শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার নুরুল করিম জানান, খবর পেয়ে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুনের প্রকৃত কারণ তদন্ত সাপেক্ষে নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
Tags: অগ্নিকাণ্ড, গাজীপুর, গ্যাস সিলিন্ডার, দুর্ঘটনা, শ্রীপুর