রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের প্রবেশপথে দু’টি গ্রেনেড উদ্ধার এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় দেশজুড়ে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। স্পর্শকাতর এই স্থাপনাগুলোর সুরক্ষা নিশ্চিত করতে সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (বেবিচক) দেশের সব বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি করেছে। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ার পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে থাকা বিভিন্ন বাহিনীর কাজের ধরন ও সমন্বয় নিয়েও প্রশ্ন উঠেছে। কিন্তু বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব কার, তা নিয়েই ধোঁয়াশা রয়ে গেছে।
গত ১০ই নভেম্বর মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের প্রবেশপথের পাশে ফুলের গাছের নিচে পরিত্যক্ত অবস্থায় দু’টি গ্রেনেড পড়ে থাকতে দেখেন এক পথচারী। তাৎক্ষণিকভাবে বিমানবন্দর থানা পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশ ফাঁড়ির এএসআই পলাশ ঘটনাস্থলে পৌঁছান। পরে বোমা নিষ্ক্রিয়কারী দল এসে গ্রেনেড দু’টি নিষ্ক্রিয় করে। একই সপ্তাহে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশের তথ্য অনুযায়ী, এক্সপ্রেসওয়ে থেকে ককটেলগুলো ছোড়া হয়েছিল। বেবিচক সূত্র ইঙ্গিত দিয়েছে যে, গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের সুযোগ নিয়ে একটি মহল বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের মতো নাশকতামূলক কার্যক্রম চালাচ্ছে। বেবিচক বলছে, দেশের সব বিমানবন্দর ও এর আশপাশের এলাকা ২৪ ঘণ্টা নজরদারিতে রয়েছে।
বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে বলতে গিয়ে এভিয়েশন বিশেষজ্ঞ এটিএম নজরুল ইসলাম বলেন, বিমানবন্দর সরকারের অত্যন্ত সংবেদনশীল কেপিআই (কি পারফরম্যান্স ইন্ডিকেটর) স্থাপনা। দুষ্কৃতিকারীরা বিশ্ববাসীর নজরে আসার জন্য এই জায়গাগুলোকে লক্ষ্যবস্তু হিসেবে বেছে নিচ্ছে। তার মতে, নিরাপত্তা ব্যবস্থা অধিকতর জোরদার করা এখন সময়ের দাবি। আন্তর্জাতিক অডিটে এর নেতিবাচক প্রভাব পড়বে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পারলে অডিটে প্রভাব পড়ার কথা নয়। তবে বিশ্বজুড়ে বাংলাদেশের বিমানবন্দরের যে সামগ্রিক ভাবমূর্তি তা নিয়ে সতর্ক থাকার প্রয়োজন আছে। এপিবিএন এবং এভিয়েশন সিকিউরিটির মধ্যে সমন্বয়হীনতার দীর্ঘদিনের অভিযোগের বিষয়ে তিনি বলেন, দায়িত্বের সীমারেখা নির্ধারণের পরও একটি কার্যকর যোগসূত্র বা ইন্টিগ্রেটেড সিকিউরিটি ব্যবস্থা প্রয়োজন, যাতে কোনো ফাঁক না থাকে।
বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর মো. আসিফ ইকবাল জানিয়েছেন, বিমানবন্দরে নিয়মিত হাই সিকিউরিটি অ্যালার্ট বজায় রাখা হয়। চলমান পরিস্থিতিতে সকল বিমানবন্দরকে বাড়তি সতর্কতায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন বাহিনীর সমন্বয়হীনতার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, সিভিল এভিয়েশন সিকিউরিটি কমিটির সভায় দায়িত্ব স্পষ্টভাবে ভাগ করে দেওয়া হয়েছে। ল্যান্ড সাইডের নিরাপত্তা দেখার দায়িত্ব এপিবিএনের এবং ভেতরের নিরাপত্তার বিষয়টি সিভিল এভিয়েশনের। এভাবেই নিরাপত্তা কাঠামো মেইনটেইন করা হচ্ছে বলে তিনি দাবি করেন। তিনটি সংস্থার মধ্যে সমন্বয়ের অভাবের অভিযোগ উঠেছে।
এদিকে, ২০২৩ সালের অক্টোবরে উদ্বোধনের পর তৃতীয় টার্মিনালটি এখনো পূর্ণাঙ্গ বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে পারেনি। আগামী ১৬ই ডিসেম্বর এটি আংশিক চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। জাপানি কনসোর্টিয়ামের সাথে পরিচালনার চুক্তি নিয়ে আলোচনা চললেও এই নিরাপত্তা অস্থিরতা বিদেশি বিনিয়োগকারী ও পরিচালকদের মনে শঙ্কা তৈরি করতে পারে। এছাড়া, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা আইকাও-এর অডিটে বাংলাদেশের নিরাপত্তা রেটিং ভালো হবে বলে আশা করছিল বেবিচক। কিন্তু বিমানবন্দরের গেটে গ্রেনেড উদ্ধারের মতো ঘটনা এই রেটিংয়ে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যা সরাসরি প্রবাসী শ্রমিক ও আন্তর্জাতিক বাণিজ্যের ওপর প্রভাব ফেলার শঙ্কা রয়েছে। অন্যদিকে শাহজালালের থার্ড টার্মিনাল আংশিক চালুর দিনক্ষণ ঠিক হওয়ার পর সব ধরনের প্রস্তুতি চলছে। এ ছাড়া বিমানবন্দরের আশপাশে নাশকতার খবর বহির্বিশ্বে গেলে আন্তর্জাতিক মানদণ্ডে শাহজালালের অবস্থান কোথায় গিয়ে দাঁড়ায়। জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে ১৫ বছরের জন্য টার্মিনাল পরিচালনার চুক্তির বিষয়েও আলোচনা চলছে। সূত্রগুলো বলছে, চুক্তি স্বাক্ষরের পরও ট্রায়াল পরিচালনার জন্য যে সময় দরকার, তা এখন আর হাতে নেই। রেটিং কমলে বিদেশি এয়ারলাইন্সগুলো ঢাকায় ফ্লাইট কমিয়ে দিতে পারে।
Tags: নিরাপত্তা, বিমানবন্দর, বেবিচক, শাহ মখদুম, শাহজালাল, হাই অ্যালার্ট