মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি আরও জোরদার করছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ওয়াশিংটন ইউএসএস থিওডোর রুজভেল্ট নামের একটি বিমানবাহী রণতরী ওই অঞ্চলে পাঠাচ্ছে। দ্য নিউইয়র্ক টাইমস ১৫ নভেম্বর রোববার মার্কিন সামরিক বাহিনীর এক কর্মকর্তার বরাতে জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই রণতরীটি উপসাগরীয় অঞ্চলে পৌঁছে যাবে। এটি সেখানে আগে থেকে মোতায়েন থাকা দুটি রণতরীর সঙ্গে যুক্ত হয়ে মোট সংখ্যা তিনে উন্নীত করবে। বার্তাসংস্থা আনাদোলু বলছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছানোর কথা রয়েছে বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্টের। ফলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীর সংখ্যা বেড়ে দাঁড়াবে তিনটিতে।
ইরানের সঙ্গে শান্তি আলোচনা থমকে থাকা এবং সম্প্রতি বাহরাইনে ড্রোন হামলার ঘটনার মধ্যেই রণতরীটির আগমন ঘটছে। এর আগে শুক্রবার উপসাগরীয় অঞ্চলে ইরানের দুটি ড্রোন মাঝপথে ধ্বংস করে মার্কিন বাহিনী। এছাড়া রোববার বাহরাইনে দ্বিতীয়বারের মতো ড্রোন হামলার খবর পাওয়া গেছে। তবে রণতরী মোতায়েনের এই সিদ্ধান্ত ইরান বা ওই অঞ্চলে নতুন কোনো বড় ধরনের সামরিক অভিযানের ইঙ্গিত কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। পেন্টাগন কিংবা সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এখন পর্যন্ত বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
গত ফেব্রুয়ারি মাসের শেষ দিক থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত হামলার মধ্য দিয়ে ইরান যুদ্ধের যে সূচনা হয়েছিল, তারই ধারাবাহিকতায় এই অস্থিরতা চলছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কূটনীতিক আলোচনা অকার্যকর হয়ে পড়ায় সামরিক উত্তেজনা আরও বাড়ছে। এর মধ্যেই সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি আলোচনা থেকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে সরিয়ে দিয়েছেন। একইসঙ্গে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ইরানের সঙ্গে ওয়াশিংটনের নতুন কোনো চুক্তির প্রয়োজন নেই। এর মধ্য দিয়ে প্রায় দুই মাসের বিরতির পর আবারও দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে।
ইসরায়েলি গণমাধ্যমে ইরানবিরোধী বড় কোনো সামরিক অভিযান শুরুর যে গুঞ্জন ছড়িয়েছে, তা জোরালোভাবে নাকচ করেছে মার্কিন সামরিক বাহিনী। তারা জানিয়েছে, রণতরী পাঠানো বা মধ্যপ্রাচ্যে মোতায়েন করা সেনাদের অবস্থান পরিবর্তনের খবরগুলো কেবলই জল্পনা। কোনো সুনির্দিষ্ট অভিযানের পরিকল্পনা থেকে এই রণতরী মোতায়েন করা হচ্ছে না বলেও দাবি করেছে মার্কিন সামরিক নেতৃত্ব। মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান বা মোতায়েনের ধরনে পরিবর্তন আনার খবরকেও তারা ‘পুরোপুরি জল্পনা’ বলে উড়িয়ে দিয়েছে।
Tags: ইউএসএস থিওডোর রুজভেল্ট, ইরান, ডোনাল্ড ট্রাম্প, মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র, সামরিক উত্তেজনা