বাল্টিক সাগরে রাশিয়ার সামরিক বাহিনীর কাজের সাথে সম্পৃক্ত একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। গত শনিবার (২১ নভেম্বর) এ আক্রমণের শিকার হয় মার্কিন নিষেধাজ্ঞার তালিকাভুক্ত ‘স্পার্টা-২’ নামের জাহাজটি। হামলার পর সৃষ্ট আগুনে ক্ষতিগ্রস্ত জাহাজটি থেকে এর ১৬ জন নাবিক লাইফবোটে ভেসে সরে যান। পরবর্তীতে অপর একটি রুশ জাহাজে উঠে তারা দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন। ফিনল্যান্ডের কর্মকর্তারা ধারণা করছেন, ‘স্পার্টা-২’ নামের ওই জাহাজের ওপর ইউক্রেন হামলা চালিয়ে থাকতে পারে।
রাশিয়ার কালিনিনগ্রাদগামী এই জাহাজটি গোগল্যান্ড দ্বীপের পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় আক্রান্ত হয় বলে জানায় ফিনল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী। আঘাত পাওয়ার পর সেটি ভাসতে ভাসতে ফিনল্যান্ডের জলসীমায় প্রবেশ করে। বর্তমানে ফিনল্যান্ড সেখানে নোঙর করা জাহাজটির আগুন নেভানো এবং উদ্ধার অভিযান পরিচালনা করছে। ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার ইলজা ইলজিন জানান, জাহাজে কী ধরনের মালামাল ছিল তা নিশ্চিত হওয়া না গেলেও সামরিক সরঞ্জাম থাকার আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ফিনল্যান্ডের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র আকি-মাউরি হুহতিনেন এক সংবাদ সম্মেলনে উল্লেখ করেন, সুনির্দিষ্ট কারণ এখনও স্পষ্ট নয়, তবে এ ঘটনায় ইউক্রেনের হাত থাকার সম্ভাবনাই বেশি। ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তেরি অর্পো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, সংঘাত এখন আশপাশের অঞ্চলে ছড়িয়ে পড়ছে এবং ফিনল্যান্ড উপসাগরে ড্রোন হামলায় রুশ বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে তিনি রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের আত্মরক্ষার অধিকারের বিষয়টিও স্মরণ করিয়ে দেন।
পরিস্থিতি সামাল দিতে হেলসিঙ্কি পূর্ব ফিনল্যান্ড উপসাগরীয় অঞ্চলে সাময়িকভাবে বিমান ও নৌ চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে। ড্রোনবিরোধী অভিযান নির্বিঘ্ন রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থেই এই কড়াকড়ি আরোপ করা হয়। এই উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রমে ফিনল্যান্ডের সঙ্গে সুইডেন ও এস্তোনিয়াও অংশগ্রহণ করেছে। সুইডেনের প্রতিরক্ষামন্ত্রী পল জনসন জানান, আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় তারা যুদ্ধবিমান মোতায়েন করেছেন। অপরদিকে এস্তোনিয়া আগুন নিয়ন্ত্রণ, উদ্ধারকাজ এবং পরিবেশদূষণ রোধের লক্ষ্যে একটি জাহাজ পাঠিয়েছে। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে আনা, উদ্ধারকাজ ও সম্ভাব্য পরিবেশদূষণ ঠেকাতে একটি জাহাজ পাঠিয়েছেএস্তোনিয়া।
উদ্ধার তৎপরতা চলার সময়ে একটি রুশ হেলিকপ্টার অল্প সময়ের জন্য ফিনল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে সন্দেহ প্রকাশ করেছেন সেখানকার উপসাগরীয় উপকূলরক্ষী বাহিনীর কমান্ডার মিক্কো সিমোলা। এদিকে রাশিয়ার লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রোজদেনকো দাবি করেছেন, তাদের সীমান্ত থেকে প্রায় তিন নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় দুইটি ড্রোন দিয়ে জাহাজটিতে হামলা চালানো হয়। ওই একই রাতে ওই এলাকা থেকে প্রায় ৮০টি ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবিও করেন তিনি।
উলেখ্য, ‘স্পার্টা-২’ জাহাজটির মালিকানা রয়েছে রুশ প্রতিষ্ঠান ওবোরোনলজিস্টিকার কাছে, যা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরিবহন ও রসিদ সংক্রান্ত কাজের দায়িত্ব পালন করে। এই ঘটনার বিষয়ে কালিনিনগ্রাদের গভর্নর আলেক্সেই বেসপ্রোজভানিখ জানিয়েছেন, এতে তাদের এলাকার পণ্য সরবরাহ ব্যবস্থায় কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মাঝে অবস্থিত এই রুশ ছিটমহলটি ভৌগোলিক ও কৌশলগত কারণে দীর্ঘদিন ধরে রাশিয়া ও ন্যাটোর মধ্যে একটি স্পর্শকাতর কেন্দ্র হিসেবে পরিচিত।
Tags: আন্তর্জাতিক, ইউক্রেন, ড্রোন হামলা, ফিনল্যান্ড, বাল্টিক সাগর, রুশ জাহাজ