বিদ্যুৎ ও গ্যাসের তীব্র সংকটে দেশের মাঝারি ও বৃহৎ শিল্পকারখানাগুলোতে উৎপাদন খরচ বাড়লেও কাঙ্ক্ষিত হারে উৎপাদন বাড়ছে না। একই সঙ্গে নতুন কর্মসংস্থান সৃষ্টি কমে যাওয়ার পাশাপাশি কমেছে শ্রমিকের সংখ্যা। উদ্যোক্তারাও বর্তমান ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন। তবে আগামী তিন মাসে পরিস্থিতি সামান্য উন্নতির প্রত্যাশা করছেন তারা। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এবং বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) যৌথ উদ্যোগে পরিচালিত ‘বিআইডিএস-বিসিআই ইন্ডাস্ট্রি ১০০ সূচক’-এর প্রথম জরিপে এসব উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। ব্যবসায়িক পরিস্থিতি নিয়েও আশাবাদী নন অধিকাংশ উদ্যোক্তা। এদিকে ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে উদ্যোক্তাদের মনোভাবও দুর্বল।
জরিপ পরিচালনা করতে ২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকের ১০০টি মাঝারি ও বৃহৎ শিল্পকারখানার তথ্য সংগ্রহ করা হয়েছে। শিল্পনীতি ২০২২ অনুযায়ী, এ খাতের প্রায় ৮০ শতাংশ প্রতিনিধিত্বকারী ১৪টি উপখাত থেকে এসব কারখানা নির্বাচন করা হয়। তথ্যমতে, ২০২৫ সালের গড় ত্রৈমাসিকের তুলনায় চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে শিল্পের প্রকৃত উৎপাদন প্রায় অপরিবর্তিত বা দশমিক ৮ শতাংশ কমেছে। পাশাপাশি গড় উৎপাদন সক্ষমতার ব্যবহার ৬৭ শতাংশ থেকে কমে ৬৬ শতাংশে নেমেছে। শিল্পভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, টেক্সটাইল খাতে সক্ষমতার ব্যবহার ৭০ শতাংশ থেকে কমে ৫৫ শতাংশে নেমেছে এবং উৎপাদন কমেছে ২০ শতাংশ। অবশ্য তৈরি পোশাক বা আরএমজি খাতে উৎপাদন ২ শতাংশ বেড়েছে।
শিল্প উৎপাদনে সবচেয়ে বড় বাধা হিসেবে দেখা দিয়েছে জ্বালানি সংকট। জরিপে অংশগ্রহণকারী ৭৯ শতাংশ কারখানাই বিদ্যুৎ ও গ্যাস সংকটকে প্রধান সমস্যা হিসেবে উল্লেখ করেছে। জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিভ্রাটের কারণে কারখানাগুলোতে দিনে গড়ে ৪ দশমিক ১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে, যা ২০২৫ সালের তুলনায় দ্বিগুণ। একইভাবে গ্যাসের দৈনিক গড় বিভ্রাট শূন্য দশমিক ৯ ঘণ্টা থেকে একলাফে বেড়ে ৩ দশমিক ২ ঘণ্টায় পৌঁছেছে। ফলে বিদ্যুৎ সরবরাহ নিয়ে সন্তুষ্ট কারখানার হার ৩৮ শতাংশ থেকে আশঙ্কাজনকভাবে কমে মাত্র ৭ শতাংশে দাঁড়িয়েছে। জরিপে অংশ নেওয়া ৭৯ শতাংশ কারখানা বিদ্যুৎ ও জ্বালানিকে প্রধান প্রতিবন্ধকতা হিসেবে চিহ্নিত করেছে।
জ্বালানি বিভ্রাটের পাশাপাশি প্রতি কারখানায় জ্বালানি খরচ ৫ শতাংশ এবং পরিবহন ব্যয় ১০ শতাংশ বেড়েছে। এছাড়া ৯৪ শতাংশ কারখানা কাঁচামালের মূল্যবৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছে। এই চড়া ব্যয়ের সরাসরি প্রভাব পড়েছে কর্মসংস্থানে। জরিপ করা ১০০টি কারখানায় মোট কর্মী সংখ্যা ১ শতাংশ কমে ১ লাখ ৩৭ হাজার ১০০ থেকে ১ লাখ ৩৫ হাজার ৭০০-তে নেমেছে। অন্যদিকে নতুন কর্মী নিয়োগ এবং চাকরি ছাড়ার হার—উভয়ই ১৯ শতাংশ কমেছে। নতুন যেসব নিয়োগ দেওয়া হচ্ছে, তা মূলত চাকরি ছেড়ে যাওয়া শ্রমিকদের শূন্য স্থান পূরণ করতেই ব্যবহার করা হচ্ছে, নতুন কোনো কর্মসংস্থান তৈরি হচ্ছে না।
কারখানাগুলোর বর্তমান অবস্থা মূল্যায়নের পাঁচটি সূচকের সব কটিই ৫০-এর নিচে রয়েছে, যার মান ৩৬ থেকে ৪৩-এর মধ্যে সীমাবদ্ধ। তবে আগামী তিন মাসের ক্ষেত্রে প্রত্যাশা সূচক ৪৯ থেকে ৫৪-এর মধ্যে থাকায় উদ্যোক্তারা আশা করছেন উৎপাদন হ্রাসের গতি কিছুটা কমতে পারে। বিআইডিএস-বিসিআইয়ের এ নতুন সূচকটিতে প্রধানত উৎপাদন, উপকরণের দাম ও প্রাপ্যতা, কর্মসংস্থান এবং ব্যবসায়িক মনোভাব—এই চার বিষয় নিয়মিত পর্যালোচনার জন্য গঠন করা হয়েছে। কারখানাভিত্তিক স্বল্পমেয়াদি তথ্যের মাধ্যমে দেশের শিল্পখাতের প্রকৃত চিত্র দ্রুত অনুধাবন করাই এর মূল উদ্দেশ্য। তবে খাতভেদে পরিস্থিতির পার্থক্য রয়েছে। এতে উৎপাদন, ব্যয়, কর্মসংস্থান ও ব্যবসায়িক প্রত্যাশার পরিবর্তন সম্পর্কে দ্রুত ধারণা পাওয়া যাবে।
Tags: উৎপাদন ব্যয়, কর্মসংস্থান, জ্বালানি সংকট, বিআইডিএস, বিদ্যুৎ বিভ্রাট, বিসিআই, শিল্প কারখানা