১০ দিনের ঈদুল আজহার ছুটি শেষে আজ রবিবার খুলছে দেশের সব সরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। ইতিমধ্যে রাজধানীসহ নিজ নিজ কর্মএলাকায় ফিরতে শুরু করেছে দেশের মানুষ।
এর আগে গত ৪ জুন ছিল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস। সেই হিসাবে ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি কাটান সরকারি চাকরিজীবীরা। গত ৭ জুন দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়।
কয়েকদিন ধরে সদরঘাট, বাস ও রেল স্টেশনে দেখা যাচ্ছে রাজধানীতে কর্মস্থলে ফেরা মানুষের ভিড়। যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী দূর-দূরান্তে ঈদ উদযাপন করতে গেছেন, তাঁরা গতকাল শনিবারের মধ্যেই রাজধানীতে এসে পৌঁছেছেন। তবে রাজধানী এখনো তার পুরনো রূপে ফেরেনি।
প্রথমে ৫ থেকে ১০ জুন পর্যন্ত ছয় দিন ছুটি দিয়েছিল সরকার। পরে ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে এবার ঈদুল আজহায় ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি পেয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
প্রথমবারের মতো টানা ১০ দিনের ছুটি দিতে এরই মধ্যে গত ১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রেখেছিল সরকার।