শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলে ফিরলেন ওপেনিং ব্যাটার মোহাম্মদ নাঈম শেখ ও পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বাদ পড়েছেন স্কোয়াড থেকে। আজ শুক্রবার সন্ধ্যায় এ সিরিজের জন্য ১৬ জনের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২০২২ সালের আগস্টে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন নাঈম। তিনি অবশ্য শ্রীলংকার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজেও স্কোয়াডে রয়েছেন। এদিকে, গত বছর মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেন সাইফউদ্দিন। দেশের হয়ে এখন পর্যন্ত ২৯টি ওয়ানডে ও ৩৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২৮ বছর বয়সী ক্রিকেটার।
২০২১ সালের জুলাই মাসে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে ও ২০২৪ সালের ১২ মে মিরপুরে একই দলের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেন সাইফউদ্দিন। ওই ম্যাচে ৪ ওভারে ৫৫ রান খরচ করার পর দল থেকে বাদ পড়েন। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও সুযোগ হয়নি। এরপর দীর্ঘ সময় দলে ব্রাত্য হয়ে পড়ায় মাঝে গুঞ্জন ওঠে, তিনি যুক্তরাষ্ট্রে থিতু হচ্ছেন। এরই মধ্যে ডাক পড়ল বাংলাদেশ দলে। সর্বশেষ গত এপ্রিলে মোহামেডানের হয়ে অংশ নিয়েছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে।
টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাস।
আগামী ১০, ১২ ও ১৬ জুলাই যথাক্রমে পাল্লেকেলে, ডাম্বুলা ও কলম্বোয় তিনটি টি-টোয়েন্টি খেলবে শ্রীলংকা ও বাংলাদেশ। ১-০তে টেস্ট সিরিজ হারের পর ওয়ানডে সিরিজেও প্রথম ম্যাচে ধরাশায়ী হয় বাংলাদেশ। শনিবার কলম্বোয় সিরিজের দ্বিতীয় ওয়ানডে। এরপর মঙ্গলবার পাল্লেকেলেতে তৃতীয় ও শেষ ম্যাচ।
টি-টোয়েন্টি স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন।
বিটি/ আরকে
Tags: বাংলাদেশ ক্রিকেট দল, বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ