জাপানের সঙ্গে ‘বৃহৎ বাণিজ্য চুক্তি’র ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও জাপান একটি “বিশাল বাণিজ্য চুক্তি” স্বাক্ষর করেছে, যার আওতায় জাপান যুক্তরাষ্ট্রে ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।
বুধবার (২৩ জুলাই) বিবিসির প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, “আমি সম্ভবত ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেছি, যা জাপানের সঙ্গে হয়েছে। এটি দুই পক্ষের জন্যই লাভজনক। আমরা প্রচুর পরিশ্রম করেছি। সবসময়ই বলি, একটি চুক্তি তখনই ভালো হয়, যখন তা দুই পক্ষের জন্য উপকারী হয়।”
ট্রাম্প আরও জানান, এই চুক্তির আওতায় জাপান যুক্তরাষ্ট্রে ১৫ শতাংশ পাল্টা শুল্ক দেবে। একই সঙ্গে দেশটি যুক্তরাষ্ট্রের গাড়ি, ট্রাক, চালসহ কৃষিপণ্য আমদানির জন্য তাদের বাজার উন্মুক্ত করবে এবং ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।
এর আগে চলতি মাসের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্প জাপানকে হুঁশিয়ার করে বলেছিলেন, ১ আগস্টের মধ্যে কোনো চুক্তি না হলে জাপানি পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এই হুমকির আগেই, গত এপ্রিলে ট্রাম্প ২৪ শতাংশ শুল্ক বসানোর পরিকল্পনা ঘোষণা করেছিলেন, যদিও পরে তা ৯০ দিনের জন্য স্থগিত রাখা হয়—যাতে আলোচনার সুযোগ থাকে।
উল্লেখ্য, এপ্রিল মাসে ঘোষিত “লিবারেশন ডে” নীতির আওতায় যুক্তরাষ্ট্র একতরফাভাবে কিছু বড় বাণিজ্য অংশীদারের ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্তের ফলে বৈশ্বিক শেয়ারবাজারে অস্থিরতা সৃষ্টি হয়।
বর্তমানে জাপানসহ অনেক দেশের গাড়ির ওপর যুক্তরাষ্ট্রে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়। তবে এনএইচকে’র বরাত দিয়ে জানানো হয়েছে, জাপানি গাড়িনির্মাতাদের জন্য এ শুল্ক কমানো হতে পারে।
বিবিসি আরও জানায়, এই চুক্তির ঘোষণা এমন সময় এলো, যখন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা রাজনৈতিকভাবে চাপে রয়েছেন। সদ্য অনুষ্ঠিত নির্বাচনে তার দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি উচ্চকক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে। এর আগে দলটি সংসদের নিম্নকক্ষেও সংখ্যাগরিষ্ঠতা হারায়।
বিটি/ আরকে
Tags: যুক্তরাষ্ট্র-জাপান বাণিজ্য চুক্তি