প্রবীণ ভাষা সৈনিক ও গবেষক আহমদ রফিক আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর।
আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ১০টা ১২ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ ভেন্টিলেশন সাপোর্ট তুলে নেওয়ার পরই তার মৃত্যু হয় বলে উপস্থিত সাংস্কৃতিক কর্মী দীপান্ত রায়হানকে উদ্ধৃত করে জানিয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
গত ১১ সেপ্টেম্বর আহমদ রফিককে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে আগস্ট মাসে তাঁকে দু’বার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছিলো।
চিকিৎসকদের বরাত দিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, দীর্ঘমেয়াদি কিডনি জটিলতা, অ্যালঝেইমারস, পারকিনসন্স, ইলেকট্রোলাইটের অসামঞ্জস্য, বেডসোর এবং ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন।
উল্লেখ্য, ১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরে জন্মগ্রহণ করেন আহমদ রফিক। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন তিনি। সে সময় বিভিন্ন ক্যাম্পাসের শিক্ষার্থীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন আহমদ রফিক। ১৯৫৪ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে তিনিই ছিলেন একমাত্র শিক্ষার্থী যার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল।
চিকিৎসক হিসেবে এমবিবিএস ডিগ্রি অর্জন করলেও তিনি চিকিৎসা পেশা না বেছে সাহিত্যচর্চাকে জীবনের প্রধান পথ হিসেবে গ্রহণ করেন।
বিটি/ আরকে
Tags: আহমদ রফিক, ভাষা সৈনিক