উপসাগরীয় অঞ্চলে কাতার গ্যাস ট্রান্সপোর্ট কোম্পানির মালিকানাধীন এলএনজি পরিবাহী জাহাজ ‘আল মায়েদা’ হামলার শিকার হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কাতারের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছে সৌদি আরব। রোববার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এই অবস্থানের কথা জানানো হয়।
বিবৃতিতে সৌদি কর্তৃপক্ষ স্পষ্টভাবে উল্লেখ করেছে যে, সামুদ্রিক নৌ চলাচল এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের ক্ষেত্রে যেকোনো হুমকি তারা প্রত্যাখ্যান করে। এ ধরনের ঘটনা আন্তর্জাতিক বাণিজ্য ও নৌপথের নিরাপত্তাকে মারাত্মকভাবে ব্যাহত করছে বলে রিয়াদ মন্তব্য করেছে। জাহাজ হামলার পর জ্বালানি সরবরাহের ওপর এর প্রভাব নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আন্তর্জাতিক আইন সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেছে সৌদি আরব। একই সঙ্গে সামুদ্রিক বাণিজ্য ও নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটি। কাতারের স্বার্থ রক্ষায় এবং আন্তর্জাতিক নৌ নিরাপত্তা বজায় রাখতে কাতার যে কোনো পদক্ষেপ গ্রহণ করলে তার পাশে থাকার অঙ্গীকার করেছে রিয়াদ।
Tags: আল মায়েদা, এলএনজি, কাতার, নৌ নিরাপত্তা, সৌদি আরব