চলতি অক্টোবর মাসে বঙ্গোপসাগরে তিনটি পর্যন্ত লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা রয়েছে। একই সঙ্গে এ সময়ে দেশের তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে।
আবহাওয়া অধিদফতরের অক্টোবর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য উঠে এসেছে। গত ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত এক বৈঠকে এ পূর্বাভাস প্রদান করা হয়।
পূর্বাভাসে আরও জানানো হয়েছে, সার্বিকভাবে অক্টোবর মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট ১-৩টি লঘুচাপের মধ্যে একটি ঘূর্ণিঝড় আকার নিতে পারে। মাসের প্রথম ভাগে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ধীরে ধীরে বাংলাদেশ থেকে বিদায় নেবে।
এ সময় দেশে ২-৪ দিন মাঝারি থেকে তীব্র এবং ৩-৫ দিন হালকা থেকে মাঝারি মাত্রার বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
তাপমাত্রা প্রসঙ্গে বলা হয়েছে, অক্টোবরজুড়ে দিন ও রাতের তাপমাত্রা ক্রমশ কমবে। তবে তা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে।
একই সঙ্গে দেশের বড় নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বজায় থাকবে বলে আশা করা হচ্ছে। তবে ভারি বৃষ্টির কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্ব পার্বত্য এলাকায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।
এছাড়া গত সেপ্টেম্বর মাসে ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হয়েছে, আর সিলেট বিভাগে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হয়েছে।
বিটি/আরকে
Tags: বঙ্গোপসাগর, লঘুচাপ