জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ২৫টি উন্নয়ন প্রকল্প অনুমোদন পেয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস।
আজ রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর পরিকল্পনা কমিশন এলাকায় এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। সভার শুরুতেই পরিকল্পনা উপদেষ্টা ইতোমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকা ব্যয়ের ১০টি ক্ষুদ্র প্রকল্প সম্পর্কে একনেক সদস্যদের অবহিত করেন।
সভা শেষে জানানো হয়, অনুমোদিত ২৫টি প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ১৯১ কোটি ২৭ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন থাকবে ১০ হাজার ৮৮১ কোটি ৪০ লাখ টাকা, বৈদেশিক ও প্রকল্প ঋণ ৩২ হাজার ১৮ কোটি টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন ২ হাজার ২৯১ কোটি ৭৮ লাখ টাকা। এসব প্রকল্পের মধ্যে ১৪টি নতুন, ছয়টি সংশোধিত এবং পাঁচটি প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।
পরিকল্পনা কমিশনের তথ্যমতে, উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে দেশের উত্তরাঞ্চলে আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে এক হাজার শয্যা বিশিষ্ট ‘বাংলাদেশ–চীন মৈত্রী জেনারেল হাসপাতাল’ স্থাপন। পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ’ প্রকল্পের প্রথম সংশোধনীও একনেকে অনুমোদিত হয়েছে।
যোগাযোগ অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে চট্টগ্রামের লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধনী এবং দোহাজারী–রামু–কক্সবাজার সিঙ্গেল লাইন ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া যুব ও তথ্যপ্রযুক্তি খাতে কর্মসংস্থান বাড়াতে শিক্ষিত কর্মপ্রত্যাশীদের জন্য দেশের ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কাজের সুযোগ তৈরির একটি সংশোধিত প্রকল্পে সায় দিয়েছে একনেক। একই সঙ্গে স্কুলের বাইরে থাকা শিশুদের জন্য বিকল্প শিক্ষার সুযোগ সৃষ্টির একটি প্রকল্পও অনুমোদন পেয়েছে।
সভায় নাম পরিবর্তন সংক্রান্ত সিদ্ধান্তে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি’র নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি’ করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাকাশ ও অবলোকন কেন্দ্র’ এবং ‘খুলনা নভোথিয়েটার’ প্রকল্প দুটি অসমাপ্ত অবস্থায় সমাপ্ত ঘোষণা করার বিষয়টি সভাকে অবহিত করা হয়।
একনেক সভায় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিটি/ আরকে
Tags: একনেক