ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের তীব্রতার কারণে বিশ্বজুড়ে বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র।
সিএনএন এ তথ্য জানিয়েছে।
রবিবার (২২ জুন, ২০২৫) স্থানীয় সময় এক বিবৃতিতে পররাষ্ট্র দপ্তর জানায়, “ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে ভ্রমণ ব্যাহত হচ্ছে এবং অঞ্চলটির আকাশসীমা কখনো কখনো বন্ধ রাখা হচ্ছে। এই প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের নাগরিক ও স্বার্থবিরোধী বিক্ষোভের আশঙ্কা রয়েছে।”
সিএনএনের প্রতিবেদন অনুসারে, মার্কিন পররাষ্ট্র দপ্তর তাদের নাগরিকদের পরামর্শ দিয়েছে যেন তারা ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের তথ্য ও সাম্প্রতিক নিরাপত্তা সতর্কতাগুলো মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখে নেন।
এদিকে, যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ নিজ দেশেও ‘উচ্চমাত্রার হুমকি পরিস্থিতি’ সম্পর্কে সতর্কতা জারি করেছে। তারা জানিয়েছে, ইরানে মার্কিন হামলার পর থেকে নিম্ন মাত্রার সাইবার হামলা ও একক হামলাকারীর (লোন উলফ) আক্রমণের আশঙ্কা বৃদ্ধি পেয়েছে।
বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র মনে করে, নিজ নাগরিকদের সতর্ক থাকা এবং নিয়মিত তথ্য হালনাগাদ রাখা অত্যন্ত জরুরি। এই সতর্কতা বিশ্বব্যাপী মার্কিন স্বার্থ এবং নাগরিকদের সম্ভাব্য ঝুঁকি থেকে রক্ষা করার একটি প্রয়াস।
Tags: ট্রাভেল অ্যালার্ট, মার্কিন নাগরিক