জাকের আলির দৃঢ় ইনিংস ও শরিফুল ইসলামের ডেথ ওভারের বোলিং নৈপুণ্যে পাকিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (২২ জুলাই) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আট রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা।
টসে হেরে ব্যাট করতে নেমে ব্যাটসম্যানরা বড় ইনিংস গড়তে না পারলেও, জাকের আলির দায়িত্বশীল ৫৫ রান ও মাহেদী হাসানের ৩৩ রানে ভর করে বাংলাদেশ করে ১৩৩ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ।
জবাবে পাকিস্তানের ইনিংস শুরুতেই হোঁচট খায়। বাংলাদেশ বোলারদের টাইট লাইন-লেন্থের কারণে মাত্র ৩০ রানে ৬ উইকেট হারায় সফরকারীরা। তবে সেখান থেকে ফাহিম আশরাফ লড়াকু ৫১ রানের ইনিংস খেলে দলকে জয়ের কিছুকাছে নিয়ে যান।
শেষ দিকে পাকিস্তান যখন ম্যাচের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছিল, তখন শরিফুল ইসলাম দুর্দান্ত ডেথ ওভারের বোলিং করেন। আর ১৯তম ওভারে রিশাদ হোসেনের বলে ফাহিম আউট হলে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
এই জয়ে বাংলাদেশ এক ম্যাচ আগেই সিরিজ ২-০ তে নিশ্চিত করল। সিরিজের শেষ ম্যাচটি এখন কেবলই নিয়মরক্ষার।
বিটি/ আরকে