লিভারপুল গ্রীষ্মকালীন দলবদলে বায়ার লেভারকুসেনের প্লেমেকার ফ্লোরিয়ান ভির্টজকে দলে টানতে ক্লাব-রেকর্ড ১৩০ মিলিয়ন ইউরো (১৪৭ মিলিয়ন ডলার) প্রস্তাব দিয়েছে। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের এই প্রস্তাব ২০২২ সালে স্ট্রাইকার ডারউইন নুনেজের জন্য করা চুক্তিকে ছাড়িয়ে যাবে, যা অ্যাড-অনসহ ৮৫ মিলিয়ন পাউন্ড পর্যন্ত পৌঁছাতে পারে।
ইএসপিএন জানাচ্ছে, ভির্টজের আগামী মৌসুমে বুন্দেসলিগায়, হয় লেভারকুসেনে অথবা জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখে থাকার কথা ছিল। তবে একটি সূত্র ইএসপিএন-কে জানিয়েছে যে, আর্নে স্লটের পরিকল্পনায় মুগ্ধ হয়ে ভির্টজ প্রিমিয়ার লিগে যাওয়ার জন্য আগ্রহী।
জার্মানির এই আন্তর্জাতিক খেলোয়াড় লেভারকুসেনের হয়ে ১৯৭টি ম্যাচে ৫৭ গোল এবং ৬৫টি অ্যাসিস্ট করেছেন। অ্যানফিল্ডে তাকে উচ্চ মূল্য দেওয়া হচ্ছে, কারণ তিনি ক্লাব এবং দেশের হয়ে বিভিন্ন আক্রমণাত্মক অবস্থানে খেলার সক্ষমতা দেখিয়েছেন।
জার্মানির কোচ জুলিয়ান নাগেলসম্যান, যিনি বায়ার্ন মিউনিখের প্রাক্তন কোচ, শুক্রবার বলেছেন, তিনি ভির্টজকে কোনো নির্দিষ্ট ক্লাবে যাওয়ার সুপারিশ করেননি। তিনি এক সংবাদ সম্মেলনে বলেছেন, “যদি লিভারপুলে তার সেরা অনুভূতি হয়, তবে তার সেটাই করা উচিত, কিন্তু আমি তাকে বায়ার্ন মিউনিখে বা অন্য কোনো ক্লাবে না যাওয়ার সুপারিশ করিনি। আমি ভালো-মন্দ নিয়ে কিছু বলতে চাই না, তবে জাতীয় দল হিসেবে আমার কাছে যা গুরুত্বপূর্ণ, আমি তাকে তা দিয়েছি এবং তারপর তাকে নিজের জন্য সিদ্ধান্ত নিতে হবে।”
ভির্টজের সঙ্গে ম্যানচেস্টার সিটিরও যোগসূত্র ছিল এবং তাকে কেভিন ডি ব্রুইনের সম্ভাব্য বিকল্প হিসেবে দেখা হয়েছিল। তবে ইএসপিএন এর আগে জানিয়েছিল যে, লেভারকুসেন এবং ভির্টজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর সিটি চুক্তিটি আর্থিকভাবে অসাধ্য মনে করায় আলোচনার টেবিল থেকে সরে এসেছে।
লিভারপুল এবং লেভারকুসেনের মধ্যে ইতিমধ্যে আলোচনা চলছে এবং এটি উইং-ব্যাক জেরেমি ফ্রিমপংয়ের জন্য ৩০ মিলিয়ন পাউন্ডের চুক্তির পর এসেছে।
বিটি/ আরকে
Tags: উইর্টজ, বায়ার্ন, লিভারপুল