1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
রিয়াদের পিআইএফ টাওয়ারে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা শ্রীমঙ্গলে গ্রামীণ ব্যাংকের শাখায় টায়ার জ্বালিয়ে আগুন হংকংয়ের বিপক্ষে দাপুটে জয় দিয়ে শুরু বাংলাদেশের সুন্দরবনে মুক্তিপণ দিতে না পারায় অপহৃত ৪ জেলে এখনো ফেরেননি ৬২ বছরে পা রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অবরোধ ও হামলায় গোপালগঞ্জে অচল সড়ক যোগাযোগ, আতঙ্কে জনজীবন পটুয়াখালীতে রাতভর ৭ আ.লীগ নেতার বাড়ি ও প্রতিষ্ঠানে হামলা-অগ্নিসংযোগ অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত সৌদির পরমাণু চুক্তিতে অত্যন্ত সন্তুষ্ট আইএইএ প্রধান গ্রোসি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩১ হাজার টাকা করার দাবি

অবরোধ ও হামলায় গোপালগঞ্জে অচল সড়ক যোগাযোগ, আতঙ্কে জনজীবন

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের আহ্বান করা ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে গোপালগঞ্জ জেলা। ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ, বৈদ্যুতিক খুঁটি ও বাঁশ ফেলে পথরোধ করা হয়েছে। বিভিন্ন স্পটে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রকাশ এবং দেশীয় অস্ত্র হাতে নেতাকর্মীদের মহড়ায় গোটা জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়েছে। এর মধ্যে সংসদ সদস্যদের বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও থানায় হামলা, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনায় এলাকা জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ মানুষ কর্মস্থলে পৌঁছাতে পারছেন না এবং আটকা পড়েছে অসংখ্য পণ্যবাহী যানবাহন। চরম বিপাকে পড়েছেন জরুরি চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনেরা। আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন জেলাবাসী। অনেকে দ্রুত হাসপাতাল ছেড়ে বেরিয়ে যান।

বৃহস্পতিবার সকাল থেকেই গোপালগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নেতাকর্মীদের জড়ো হতে দেখা যায়। বৃষ্টি উপেক্ষা করে লঞ্চঘাট মোড়, জেলা পরিষদ ডাকবাংলো ও মাদ্রাসা মোড়সহ বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে স্লোগান দেন তারা। হেলমেট পরা ও হাতে রামদা, হকিস্টিকসহ দেশীয় অস্ত্র নিয়ে নেতাকর্মীরা শহরের লঞ্চঘাট, মাদ্রাসাঘাট ও পুলিশ লাইন এলাকা জুড়ে মহড়া চালান। জেলা পরিষদ ডাকবাংলো থেকে পুলিশ লাইন্স পর্যন্ত এই মহড়া বিস্তৃত ছিল, যেখানে আশপাশের এলাকা থেকেও লোকজন এসে যোগ দেন। মাইকে বাজানো হয় ৭ই মার্চের ভাষণ। সকালের দিকে শহরের প্রবেশমুখ ও বিভিন্ন অভ্যন্তরীণ সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়া মোড়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন নীলা মাঠ এলাকা, হাসপাতাল মোড়, সার্কিট হাউস মোড় এবং মধুমতী নদী পার হয়ে চর গোবরা এলাকায় গাছের গুঁড়ি ও টায়ারে আগুন জ্বালিয়ে পথ অবরুদ্ধ করে রাখা হয়। স্থানীয় সূত্রের দাবি, চর গোবরা এলাকায় যুবলীগের নেতাকর্মীরা অবস্থান নেন।

বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে ঘোনাপাড়া মোড়ে গোলচত্বরের রেলিংয়ের সঙ্গে চুরির অভিযোগে দু’জনকে বেঁধে রাখা হতে দেখা যায়। সেখানে অবস্থানরত নেতাকর্মীরা অভিযোগ করেন, আগের রাতে মহাসড়কে চলাচলকারী অ্যাম্বুলেন্সসহ কয়েকটি যানবাহনে চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। সড়ক অবরোধের ফলে মহাসড়কে দূরপাল্লার কোনো যানবাহন চলেনি। শহরের ভেতরে ইজিবাইক বা রিকশা চলাচল করলেও তা ছিল খণ্ড খণ্ড অংশে সীমাবদ্ধ। ফলে যাত্রীদের এক প্রতিবন্ধকতা থেকে নেমে হেঁটে গিয়ে অন্য বাহনে উঠতে হয়। বৃষ্টিতে ভিজে পথ চলতে গিয়ে ভোগান্তিতে পড়েন চাকরিজীবীরা। বিশেষ করে গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে কর্মরত একাধিক নারী কর্মী জানান, যানবাহন না থাকায় বাধ্য হয়ে তাদের বৃষ্টিতে ভিজে হেঁটে হাসপাতালে যেতে হয়েছে। দিনভর শহরের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল; কেবল দু-একটি কাঁচাবাজার খোলা থাকলেও ক্রেতা ছিল নগণ্য। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও শিক্ষার্থীদের উপস্থিতি দেখা যায়নি। ভেতরে আটকে পড়া রোগীদের স্বজনদের অনেকেই বাইরে আহাজারি করছিলেন।

সহিংসতার বিস্তৃতি ঘটে বিভিন্ন সরকারি ভবন ও রাজনৈতিক নেতাদের বাসা-বাড়িতেও। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে গোপালগঞ্জ-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের কাশিয়ানীর গ্রামে বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এই হামলার জন্য নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীদের দায়ী করা হয়েছে। এর পর বেলা পৌনে ১২টা থেকে দুপুর ১২টার মধ্যে মুকসুদপুর থানায় হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। দুপুরে গোপালগঞ্জ সদরের পাঁচুড়িয়া এলাকায় জেলা বিএনপি’র কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। অন্যদিকে, ঘোনাপাড়া এলাকায় কয়েকশ নেতাকর্মী রামদা, হকিস্টিক, চায়নিজ কুড়াল ও লগি-বৈঠাসহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে জমায়েত।

মুকসুদপুর থানায় হামলা ও অগ্নিকাণ্ডের তথ্যটি নিশ্চিত করেছেন মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সুবীর কুমার সাহা। তিনি জানান, হামলার আগে থানা প্রাঙ্গণে প্রায় ৯০ জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। তারা শুরুতে হামলাকারীদের ঠেকানোর চেষ্টা করলেও হামলাকারীর সংখ্যা কয়েক গুণ বেশি হওয়ায় সুরক্ষার স্বার্থে পুলিশ সদস্যরা একপর্যায়ে সরে যেতে বাধ্য হন। তিনি আরও জানান, পুরো ঘটনা ও হামলাকারীদের শনাক্ত করতে সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে এবং তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে। হামলাকারীদের পরিচয় সম্পর্কে জানতে চাইলে তিনি এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি।

এর আগে বুধবার রাত থেকেই জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে শুরু করে। রাত ১০টার পর সদর উপজেলার চরপাথালিয়ার দোলা পাম্প এলাকায় মহাসড়কে গাছ ফেলে পথ বন্ধ করে দেওয়ায় ট্রাক, কাভার্ড ভ্যান ও পিকআপসহ অন্তত দেড় শতাধিক পণ্যবাহী যানবাহন আটকে পড়ে। এছাড়া গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া-পিরোজপুর, গোপালগঞ্জ-কোটালীপাড়া-বরিশাল ও গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কেও গাছের গুঁড়ি কেটে ও বাঁশ ফেলে অবরুদ্ধ করে রাখা হয়। গত বুধবার রাতেই গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। তার আগে রাত ৯টার দিকে জেলা শহরের থানাপাড়ায় গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালানো হয়। সদর থানা থেকে মাত্র ১০০ মিটার দূরত্বে অবস্থিত এই হাসপাতালে হামলার সময় চিকিৎসাধীন রোগী ও নবজাতক শিশুদের নিয়ে স্বজনেরা আতঙ্কে বের হয়ে আসেন। হামলাকারীরা হাসপাতালের জানালার কাচ ভেঙে ভেতরের আসবাবপত্র রাস্তায় এনে আগুন ধরিয়ে দেয়, যা পরে স্থানীয় অধিবাসীরা পানি ঢেলে নিভিয়ে ফেলেন।

উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বুধবার থেকে জেলায় নতুন করে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে শহরের প্রধান প্রধান সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়াতে দেখা যায়। তবে সংবেদনশীল এলাকাগুলোতে তাদের উপস্থিতি ও তৎপরতা ছিল কিছুটা সীমিত, কিছু স্থানে দূর থেকে টহল দিতে দেখা গেছে বিজিবি সদস্যদের। সাম্প্রতিক এই সহিংসতা নিয়ে জেলা বিএনপি’র আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, হামলা, ভাঙচুর ও অগ্নিসন্ত্রাসের পথ কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল গ্রহণ করতে পারে না। এসব অপকর্ম যারা করে তারা দেশ ও জনগণের শত্রু। তিনি আরও উল্লেখ করেন, সাধারণ মানুষের জানমালের ক্ষতিসাধনকারী এই সন্ত্রাসী গোষ্ঠীকে যেভাবে দেশের আপামর জনতা ২০২৪ সালে প্রত্যাখ্যান করেছিল, ঠিক সেভাবেই ২০২৬ সালের ডিসেম্বরেও উপযুক্ত জবাব দেওয়া হবে। জনগণের জানমাল ক্ষতিসাধনকারী এই সন্ত্রাসী গোষ্ঠীকে দেশের মানুষ ২৪ সালে যেভাবে জবাব দিয়েছে ২০২৬ সালের ডিসেম্বরে ঠিক সেভাবেই দিবে।

Tags: , , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT