অনাবৃষ্টি থেকে মুক্তি ও রহমতের বৃষ্টির প্রার্থনায় সুন্নাহ অনুসরণে কাতারজুড়ে সালাতুল ইস্তিস্কা বা বৃষ্টির নামাজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ সকালে লুসাইল ঈদগাহ মাঠে হাজারো মুসল্লির সাথে কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল-থানী এই বিশেষ নামাজে অংশ নেন।
নামাজে আমীরের সঙ্গে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন তার ব্যক্তিগত প্রতিনিধি শেখ জসিম বিন হামাদ আল-থানী, শেখ আবদুল্লাহ বিন খলিফা আল-থানী, শেখ মোহাম্মদ বিন খলিফা আল-থানী এবং শেখ জসিম বিন খলিফা আল-থানী। এছাড়াও শুরা কাউন্সিলের স্পিকার হাসান বিন আবদুল্লাহ আল-গানেম, মন্ত্রিসভার সদস্য, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এবং সাধারণ নাগরিকরা কাতারে কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন।
নামাজ ও বিশেষ মোনাজাতের পর খুতবা পেশ করেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ শেখ ডা. ইয়াহিয়া বাত্তি আল-নুআইমি। তিনি সমবেত মুসল্লিদের বিনম্র চিত্তে তওবা করা ও মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার তাগিদ দেন। খুতবায় তিনি উল্লেখ করেন, অনাবৃষ্টি বা বৃষ্টিতে বিলম্ব মানুষকে সৃষ্টিকর্তার ওপর পূর্ণ নির্ভরতার কথা স্মরণ করিয়ে দেয়। এই সময়ে বেশি বেশি ইস্তিগফার, দান-সদকা ও সৎকাজের ওপর জোর দেন তিনি।
খুতবার শেষভাগে তিনি পানিকে আল্লাহর এক অশেষ নিয়ামত হিসেবে উল্লেখ করেন। দেশের নাগরিক ও প্রবাসীদের উদ্দেশ্যে তিনি পানির সঠিক ব্যবহার নিশ্চিত করা, অপচয় রোধ করা এবং নিয়ামতের জন্য নিয়মিত শুকরিয়া আদায় করার আহ্বান জানান।
Tags: কাতার, বৃষ্টির নামাজ, লুসাইল ঈদগাহ, শেখ তামিম বিন হামাদ আল-থানী, সালাতুল ইস্তিস্কা