কুমিল্লার বুড়িচংয়ে বিএনপি নেতা সুলতান আহমেদকে কুপিয়ে জখমের ঘটনায় দায়ের করা একটি মামলায় কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সবুজকে কারাগারে পাঠিয়েছে আদালত। গত ৫ নভেম্বর শুনানির সময় আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর এই আদেশ দেয়।
ঘটনার বিবরণ অনুযায়ী, গত ৮ ফেব্রুয়ারি বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের মাশরা এলাকায় মাধবপুর গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন বিএনপি’র ৭ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক সুলতান আহমেদ এবং তার ছেলে শাহরিয়ার হোসেন শুভকে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী সুলতান আহমেদ গত ১৫ ফেব্রুয়ারি বুড়িচং থানায় মামলাটি দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে এনামুল হক সবুজকে। এছাড়া আসামি তালিকায় রয়েছেন রহিম খান লিটন, এহসানুল হক, মো. কামাল হোসেন, বাহার মিয়া ও মো. মিঠুসহ অজ্ঞাত আরও চার-পাঁচজন। মামলার আসামিরা হলেন- উপজেলার বাকশিমূল উত্তরপাড়া এলাকার মৃত ওবায়দুল হকের ছেলে এনামুল হক সবুজ। অন্যরা হলেন, একই এলাকার তফাজ্জল খানের ছেলে রহিম খান লিটন, মৃত ওবায়দুল হকের ছেলে এহসানুল হক, মৃত আব্দুল মালেকের ছেলে মো. কামাল হোসেন, কালিকাপুর এলাকার হুমায়ুন কবিরের ছেলে বাহার মিয়া ও মো. মিঠুসহ অজ্ঞাত আরও ৪-৫ জন।
এদিকে, একই ঘটনায় পাল্টা অভিযোগ রয়েছে যুবদল নেতা এনামুল হক সবুজের পক্ষ থেকেও। হামলার দিন সুলতান আহমেদের বিরুদ্ধে তাকে ও তার ভাইকে কুপিয়ে জখম করার অভিযোগ এনে বুড়িচং থানায় পাল্টা একটি মামলা দায়ের করেছিলেন সবুজ। সেই মামলায় সুলতান আহমেদসহ বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে এনামুল হক সবুজের আইনজীবী অ্যাডভোকেট ফারুক আহমেদ জানান, মারামারির একটি মামলায় আদালত তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়েছে। তিনি উল্লেখ করেন, সংশ্লিষ্ট ধারাসমূহ সাধারণত জামিন অযোগ্য। তবে ঘটনার পর উভয় পক্ষই মামলা দায়ের করেছে এবং এর আগে দুই পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টাও ছিল। ৩২৬ এবং ৩২৭ ধারা মামলাগুলো সাধারণত জামে অযোগ্য।
বাকশিমুল ইউনিয়ন বিএনপি’র সভাপতি জসীম উদ্দীনের ভাষ্যমতে, রেলওয়ের সরকারি মাটি কাটা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। বর্তমানে অভিযুক্ত যুবদল নেতা এনামুল হক সবুজ কারাগারে থাকায় এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে বাকশিমুল ইউনিয়ন বিএনপি’র সভাপতি জসীম উদ্দীন বলেন, যতদূর মনে পড়ে রেলের সরকারি মাটিকাটা নিয়েই দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল।
Tags: আদালত, কুমিল্লা, বিএনপি, বুড়িচং, মামলা, যুবদল