খুলনার পৃথক তিনটি স্থানে সাবেক দুই ছাত্রদল-যুবদল নেতা এবং এক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীকে গুলি করার ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলাও দায়ের করা হয়নি। এরই মধ্যে বটিয়াঘাটা উপজেলায় সংঘটিত দুটি গুলির ঘটনার প্রেক্ষাপটে বিতর্কিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেনকে বটিয়াঘাটা থানা থেকে প্রত্যাহার করে বুধবার পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তার জায়গায় পাইকগাছা থানার পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমানকে নতুন ওসি হিসেবে পদায়ন করা হয় এবং তিনি বুধবারই দায়িত্ব নেন। গত ৫ই জুন বটিয়াঘাটা থানায় যোগ দেওয়া মারুফ হোসেনের বিরুদ্ধে সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া ও ভূমিদস্যুতার পৃষ্ঠপোষকতার অভিযোগ ছিল।
বটিয়াঘাটা থানায় নতুন কর্মকর্তা পদায়নের বিষয়ে খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুখ জানান, এটি একটি নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ। এদিকে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, মাদক ব্যবসা ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এসব গুলির ঘটনা ঘটে থাকতে পারে। আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে অপরাধীদের শনাক্ত করেছে এবং তাদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলে তিনি জানান।
Tags: ওসি প্রত্যাহার, খুলনা, গুলি বর্ষণ, পুলিশ, বটিয়াঘাটা